ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সংসদ ও উপজেলা নির্বাচনের তারিখ ঘোষণা করায় দেশে নির্বাচন নিয়ে সৃষ্ট 'সংশয়' দূর হয়েছে বলে মন্তব্য করেছেন দেশের ব্যবসায়ী নেতারা।
এ ঘোষণার মধ্য দিয়ে দেশ গণতন্ত্রে উত্তরণের পথে আরও এক ধাপ এগিয়ে গেলো বলেও অভিমত ব্যক্ত করেছেন তারা।
দেশের ব্যবসায়ী ও শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) সভাপতি আনিসুল হক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এই ঘোষণার মধ্য দিয়ে আমরা গণতন্ত্রে উত্তরণের পথে আরও এক ধাপ এগিয়ে গেলাম। কোনো ধরনের ভুল বোঝাবুঝি অথবা সংঘাত যেন এই সুযোগকে বিনষ্ট না করে সেদিকে আমাদের সবার সজাগ থাকতে হবে।"
তিনি বলেন, "আমরা একটা টেকসই গণতন্ত্র চাই। মানুষের প্রত্যাশা রাজনৈতিক দলগুলো নতুন কিছু নিয়ে আসবে। আমাদের এই দুই বছরের অভিজ্ঞতায় নতুন একটি সুযোগের সৃষ্টি হয়েছে।"
বাংলাদেশ নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি ফজলুল হক বলেন, "নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ায় নির্বাচন নিয়ে সংশয় দূর হয়েছে। রাজনৈতিক দলগুলো আগে সংসদ এবং পরে উপজেলা নির্বাচনের যে দাবি জানিয়েছিল তাও পুরণ হয়েছে।"
এর ফলে রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হবে এবং ঘোষিত সময়ে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/আরবি/এসকে/২২৫৩ঘ.
bdnews24