২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পুলিশ কর্মকর্তার অপহৃত শিশু উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) অপহৃত শিশুপুত্রকে শনিবার ভোররাতে চট্টগ্রামের ফটিকছড়ি থেকে উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2008, 11:32 AM

Updated : 26 Aug 2022, 02:24 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) অপহৃত শিশুপুত্রকে শনিবার ভোররাতে চট্টগ্রামের ফটিকছড়ি থেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টায় চট্টগ্রাম নগরীর হালিশহরের বাসা থেকে ওসি আবু জাফরের চার বছর বয়েসী ছেলে সাহিলকে অপহরণ করা হয়েছিল। অপহরণকারীরা সাহিলের পরিবারের কাছে ফোনে দশ লাখা টাকা মুক্তিপণ দাবি করে বলে পুলিশ জানিয়েছে। অপহরণের সঙ্গে জড়িত অভিযোগে পুলিশ আবু জাফরের ভায়রা হাসান ইকবাল মানিককে গ্রেপ্তার করেছে। হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্মলেন্দু চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অপহরণের ঘটনায় ওসি আবু জাফরের ছোট ভাই আবু জাহেদ শুক্রবার রাতে নগরীর হালিশহর থানায় একটি মামলা করেন। অভিযোগের ভিত্তিতে মানিককে রাতেই আটক করা হয়। জিজ্ঞাসাবাদে মানিক জানিয়েছিলেন- ফটিকছড়িতে তার সহযোগী ফারুকের হেফাজতে আছে সাহিল। সাহিলের পরিবারের সদস্য পরিচয় দিয়ে পুলিশ ফারুকের সঙ্গে ফোনে কথা বললে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে সে। ওসি নির্মলেন্দু জানান, মানিকের দেওয়া তথ্য অনুযায়ী শনিবার ভোররাত সাড়ে তিনটার দিকে ফটিকছড়ি উপজেলার মাইজভাণ্ডার সড়কের ঝংকার মোড় জামে মসজিদ এলাকায় থেকে সাহিলকে উদ্ধার করা হয়। সাহিলকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও তিনি জানান। আবু জাফরের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, দুই লাখ টাকা ধার চেয়ে না পেয়ে মানিকের পরিকল্পনায় তার সহযোগীরা সাহিলকে অপহরণ করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/১৭২৩ ঘ.