২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে দুই গ্রামবাসীর সংঘর্ষে ৩৫ জন আহত

মোবাইল সেট চুরির ঘটনাকে কেন্দ্র করে রাজশাহীর বাঘা উপজেলায় মঙ্গলবার দুই গ্রামবাসীর সংঘর্ষে কমপক্ষে ৩৫ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2008, 02:10 PM

Updated : 26 Aug 2022, 02:23 PM

রাজশাহী, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মোবাইল সেট চুরির ঘটনাকে কেন্দ্র করে রাজশাহীর বাঘা উপজেলায় মঙ্গলবার দুই গ্রামবাসীর সংঘর্ষে কমপক্ষে ৩৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতদের ভর্তি করা হয়েছে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এলাকাবাসী ও পুলিশ জানায়, তিন সপ্তাহ আগে উপজেলা বাউসা ইউনিয়নের অমরপুর গ্রামের আলেকের ছেলে কামরুজ্জামানের মোবাইল ফোন চুরি হয়। পরে তারা জানতে পারে পার্শ্ববর্তী ফতেপুর বাউসা গ্রামের লাদু ওই মোবাইল সেটটি ব্যবহার করছে। এ ঘটনায় সোমবার দুই গ্রামের মধ্যবর্তী প্রেমতলী বাজারে সালিশ বসে এবং সেখানে দুপক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষ হয়। এর জের ধরে মঙ্গলার আবারও প্রেমতলী বাজারে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের মধ্যে আছেন- অমরপুর গ্রামের লাল মিঞা (৭৫), তার ছেলে মোসলেম (৩৮), রেজাউল করিম (২৯), নূর ইসলাম (৩৮), হালিম মোল্লা (৪২), কালাম (৩৬), কালাম (৩৫), হাফিজুর রহমান (২৩) মিজান (১৮), বাচ্চু (১৮), আনোয়ার হোসেন (৩২), টিপু (২৪) ও জিল্লুর আহত হয়েছেন। অপরদিকে ফতেপুর গ্রামের আহতদের মধ্যে আছেন- মোজাম্মেল (২০), মমিন (৩৫), নায়েব (৩৫), বিরাজ (৪৫), মবলু (৪০), মিনারুল (৩৫), মবলু (৩৫) ও এজেন (৩৫)। এদের মধ্যে ১৫ জনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং অন্যদের বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে বাঘা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আসাদ জানান, সংঘর্ষে অমরপুর গ্রামের লোকজনই বেশি আহত হয়েছে। দু'তিনটা দোকান ভাংচুর হয়েছে। সোমবারের সংঘর্ষের ঘটনায় রাতেই অমরপুরের রেজাউল করিম ২৭ জনের বিরুদ্ধে থানায় এজাহার দাখিল করেছেন। মঙ্গলবার ঘটনায় ফতেপুরের লালচান থানায় এজাহার দাখিলের প্রস্তুতি নিচ্ছেন। উপ-পরিদর্শক আব্দুল আজিজ জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এর আগে সোমবার বিকালে সালিশের সময় সংঘর্ষে অমরপুরের ১৫ জন আহত হন। আহতদের মধ্যে চানমিঞা (৪০), মান্নান (৩৮), কলিম উদ্দিন (৫০), বাবলু (৩৮) হাশেম (৪২), লালচান (৪৫), এরশাদ (৩৮) ও হালিম মোল্লাকে (৩৫) গুরুতর অবস্থায় বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকি সাতজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০০১ ঘ.