২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় খেজুর, কিশোরগঞ্জে গুড় ও পিরোজপুরে সার উদ্ধার

খুলনা নগরীর একটি হিমাগার থেকে সোমবার ৩০ হাজার কেজি পচা খেজুর উদ্ধার করেছে জেলা প্রশাসনের বাজার মনিটরিং টিম। কিশোরগঞ্জের একটি ভ্রাম্যমাণ আদালত জব্দ করেছে প্রায় এক হাজার বস্তা খাবার অযোগ্য গুড়। এছাড়া পিরোজপুরের ভান্ডারিয়ায় রোববার রাতে ১৩০ বস্তা ইউরিয়া সারসহ একটি ট্রলার আটক করেছে স্থানীয় জনসাধারণ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2008, 05:43 PM

Updated : 26 Aug 2022, 02:20 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা নগরীর একটি হিমাগার থেকে সোমবার ৩০ হাজার কেজি পচা খেজুর উদ্ধার করেছে জেলা প্রশাসনের বাজার মনিটরিং টিম। কিশোরগঞ্জের একটি ভ্রাম্যমাণ আদালত জব্দ করেছে প্রায় এক হাজার বস্তা খাবার অযোগ্য গুড়। এছাড়া পিরোজপুরের ভান্ডারিয়ায় রোববার রাতে ১৩০ বস্তা ইউরিয়া সারসহ একটি ট্রলার আটক করেছে স্থানীয় জনসাধারণ। আমাদের প্রতিনিধির পাঠানো খবর- খুলনা: নগরীর একটি হিমাগার থেকে সোমবার বিকেলে জেলা প্রশাসনের বাজার মনিটরিং টিম প্রায় ৩০ হাজার কেজি পচা খেজুর উদ্ধার করেছে। খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার আবু সায়েম জানান, খুলনার বড় বাজারের ব্যবসায়ী আব্দুল হামিদ সরদারের প্রতিষ্ঠান মেসার্স নব রূপালী ভাণ্ডার ২০০৭ সালের সেপ্টেম্বরে চট্টগ্রাম থেকে এক হাজার বস্তা খেজুর এনে হিমাগারে রাখে। রমজানে বিক্রির উদ্দেশ্যে বাজারজাত করা হবে এমন খবর পেয়ে মনিটরিং টিমের সদস্যরা বিকেলে ওই হিমাগারে অভিযান চালায়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোয়াজ্জেম হোসেন এ অভিযানে নেতৃত্ব দেন। আবু সায়েম জানান, উদ্ধার করা প্রতি বস্তায় ৩০ কেজি করে এক হাজার বস্তায় মোট ৩০ হাজার পচা ও খাবার অনুপযুক্ত খেজুর পাওয়া গেছে। এগুলোর আনুমানিক দাম ২০ লাখ টাকা। এ ব্যাপারে খালিশপুর থানায় রুপালী ভাণ্ডারের মালিক আব্দুল হামিদ সরদারকে আসামি করে একটি মামলা হয়েছে। আব্দুল হামিদ পলাতক রয়েছেন। কিশোরগঞ্জ: শহরের বড় বাজারে সোমবার দুপুরে নারায়ণ চন্দ্র সাহার গুদাম থেকে খাবার অযোগ্য প্রায় এক হাজার বস্তা গুড় জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। ভেজাল খাদ্য মজুদ ও বিক্রির অপরাধে নারায়ণ চন্দ্র সাহাকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কিশোরগঞ্জ কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন এ অভিযানের নেতত্বে দেন। ম্যাজিস্ট্রেট রুহুল আমীন জানান, কালিয়াচাপড়া নিটোল সুগার মিল লি. থেকে অত্যন্ত কম দামে গুড় সংগ্রহ করে ওই ব্যবসায়ী বিক্রি করে আসছিল। জব্দ করা গুড়গু ধ্বংস করে ফেলা হবে। পিরোজপুর: ভাণ্ডারিয়া উপজেলায় রোববার রাতে ট্রলারযোগে পাচারের সময় ১৩০ বস্তা ইউরিয়া সার আটক করেছে স্থানীয় জনগণ। ট্রলার ও এর চালক শরীফকেও আটক করা হয়েছে। ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দায়িত্বে থাকা ভূমি কর্মকর্তা খায়রুল হাসান জানান, রোববার রাত ৯টার দিকে ডিলার সুলতান খান ট্রলারে করে ১৩০ বস্তা সার নিজের বাড়ি ইকরিতে নিয়ে যাচ্ছিলেন। এ সময় স্থানীয় জনতা ট্রলারটি আটক করে ইউএনওকে জানায়। খায়রুল হাসান জানান, উদ্ধার করা সারের দাম আনুমানিক ৭৯ হাজার টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২৩৩৫ ঘ.