ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মনিরুজ্জামানের লেখনী ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রেরণা যোগাবে। সদ্যপ্রয়াত এই কবি ও গীতিকারকে নিয়ে সোমবার এক স্মরণ এক সভায় এ কথা বলেছেন কথাসাহিত্যিক সৈয়দ শামসুল হক।
নাগরিক স্মরণ সভায় সৈয়দ হক বলেন, "মনিরুজ্জামান অত্যন্ত বড় মাপের কবি ছিলেন। দেশচেতনা, জীবনের সঙ্কটবোধকে তিনি অনেক বড় করে দেখেছেন। ভবিষ্যৎ প্রজন্মের কাছে তার লেখনী অনুপ্রেরণা যোগবে।"
কেন্দ্রীয় শহীদ মিনারে ওই স্মরণসভায় লেখক, শিক্ষক-শিক্ষার্থী ও সংস্কৃতিকর্মীরা অংশ নেয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক ও কৃতি গীতিকার মোহাম্মদ মনিরুজ্জামান গত ৩ সেপ্টেম্বর মারা যান।
স্মরণসভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক রফিকুল্লাহ খান বলেন, "বাংলা সাহিত্যের ধারা বুঝতে হলে আমাদের বারবার মনিরুজ্জামানের সৃষ্টির কাছে ফিরে যেতে হবে। তার সৃষ্টিতে বাঙালি জাতি তার দেশাত্মবোধের ঠিকানা পায়। জাতির অস্তিত্ব পরিপূর্ণতা পায় তার গানে।"
উদীচী সাধারণ সম্পাদক মাহমুদ সেলিম বলেন, "মনিরুজ্জামানের গানের প্রতিটি চরণই দেশমাতৃকার কথা বলে।"
সভায় প্রয়াত কবির স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক, বাংলা একাডেমির মহাপরিচালক সৈয়দ মোহাম্মদ শাহেদ, অধ্যাপক আকরাম হোসেন, অধ্যাপক আজিজুল হক, গায়ক রফিকুল আলম প্রমুখ।
মনিরুজ্জামান রচিত গান গেয়ে শোনান অদিতি মহসিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এমআই/এমএইচবি/১৯০৪ ঘ.
bdnews24