ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অতিরিক্ত ভাড়া আদায় কিংবা যাত্রী হয়রানির ব্যাপারে পরস্পরকে দুষলেও ভাড়া বাড়ানোর দাবিতে একাট্টা সিএনজি অটোরিকশা ও ট্যাক্সিক্যাব চালক ও মালিকপক্ষ। সোমবার এই দুই পক্ষের দাবির মুখে ভাড়া পুনর্নির্ধারণের জন্য একটি কমিটি করতে রাজি হয়েছে সরকার।
যোগাযোগ মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের উপস্থিতিতে এক ত্রিপক্ষীয় সভায় এই কমিটি গঠনের আশ্বাস দেন সড়ক ও রেলপথ বিভাগের সচিব ড. মাহবুবুর রহমান।
সিএনজি অটোরিকশা চালক সমিতির নেতারা অভিযোগ করেন, সরকার ভাড়ায় চালিত অটোরিকশার ক্ষেত্রে দৈনিক ৪৫০ টাকা জমা রাখার নিয়ম করে দিলেও মালিকরা চালকের কাছ থেকে বেশি আদায় করছেন। অনেক মালিক প্রতিটি গাড়ি দুই দফায় ভাড়া খাটাচ্ছেন। প্রতি দফার জন্য তিনি জমা রাখছেন ৫০০ টাকার বেশি। এ অবস্থায় বেশি ভাড়া আদায় বা স্বল্প দূরত্বের যাত্রীদের ফিরিয়ে দেয়া ছাড়া চালকদের আর কোনো উপায় থাকে না।
এ অবস্থা দূর করতে অটোরিকশা ও ক্যাবের ভাড়া বাড়ানো এবং নির্ধারিত জমার চেয়ে বেশি আদায়কারী মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে একটি কমিটি গঠনের দাবি জানান তারা।
অন্যদিকে পরিবহন মালিক সমিতির নেতারা চালকদের অভিযোগ অস্বীকার করে বলেন, কিছু মালিক এটা করে থাকতে পারে; সবাই নয়।
মালিকরা বলেন, পরিবহন খাতের প্রতিটি যন্ত্রাংশের দাম বেড়েছে। কিন্তু সে অনুযায়ী ভাড়া বাড়ানো হয়নি। তাছাড়া ঢাকা শহরে একসময় ৩৭ হাজার অটোরিক্সা থাকলেও এর বিকল্প হিসেবে সরকার মাত্র ১৩ হাজার সিএনজিচালিত অটোরিকশা নামানোর অনুমতি দিয়েছে। যাত্রী সংখ্যার আধিক্যের সুযোগ নিয়ে আটোরিকশা ও ক্যাব চালকরা হয়রানি করতে পারে।
এক্ষেত্রে ভাড়া বৃদ্ধি, ঢাকায় ২৫ হাজার অটোরিকশার চলার অনুমতি প্রদান এবং সরকার নির্ধারিত 'জমা প্রথা' বিলোপের দাবি জানান তারা।
উভয়পক্ষের বক্তব্য শুনে সচিব মাহবুবুর রহমান বলেন, "সরকার সব পক্ষের সমস্যা সম্পর্কে সচেতন। তবে একদিনে সব কিছুর সমাধান করা যাবে না। পর্যায়ক্রমে সব সমস্যা সমাধানের উদ্যোগ নেয়া হবে। তবে চালক ও মালিকদেরও হয়রানি বন্ধের অঙ্গীকার করতে হবে।"
সচিব জানান, সরকার, মালিক ও শ্রমিক প্রতিনিধিদের নিয়ে মন্ত্রণালয় থেকে একটি কমিটি করা হবে। এ কমিটি ভাড়া বৃদ্ধি ও আনুসঙ্গিক বিষয়ে সরকারের কাছে সুপারিশ দেবে।
অন্যান্যের মধ্যে যোগাযোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শফিউল আলম, বিআরটিএ'র পরিচালক হুমায়ুন রশীদ খলিফা, ট্রাফিক পুলিশের যুগ্ম-কমিশনার জসিমউদ্দিন, পরিবহন মালিক সমিতির নেতা গোলাম মোহাম্মদ সিরাজ (জিএম সিরাজ), নাজমুল হুদা চৌধুরী, বরকতউল্লাহ ভুলু এবং চালক সমিতির নেতা সরদার সোবহান সভায় বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/এমএইচবি/১৮৫৩ ঘ.
bdnews24