২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম নগরীতে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী তিন শতাধিক

চট্টগ্রাম মহানগরীতে তিন শতাধিক তালিকাভুক্ত সন্ত্রাসী আছে বলে জানিয়েছেন মহানগর পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2008, 12:29 PM

Updated : 26 Aug 2022, 02:21 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম মহানগরীতে তিন শতাধিক তালিকাভুক্ত সন্ত্রাসী আছে বলে জানিয়েছেন মহানগর পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান। তিনি দাবি করেন, তিনশ'র বেশি সন্ত্রাসী থাকলেও নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সোমবার চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় কমিশনার মনিরুজ্জামান এ কথা বলেন। তিনি বলেন, "সন্ত্রাসীদের ধরতে নগরীর বিভিন্ন স্থানে নজরদারি বাড়ানো হয়েছে। সন্ত্রাসী যেই হোক, তার কোন পরিচয় নেই। আইনের চোখে সে অপরাধী। তাদের দমনে অচিরেই অভিযান চালানো হবে।" সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের কোন যোগাযোগ নেই উল্লেখ করে মনিরুজ্জামান বলেন, কারো বিরুদ্ধে এ ধরনের যোগাযোগের অভিযোগ উঠলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সন্ত্রাসীদের তালিকা তৈরিতে পুলিশ সদস্যদের কোন অনিয়ম পাওয়া গেলে তা বরদাস্ত করা হবে না। নগরীর যানজট সংকট নিরসনে অফিস ও গুরুত্বপূর্ণ সড়কগুলোর পাশে অবস্থিত স্কুলের সময়সূচি সমন্বয়ের পরিকল্পনা সিএমপির রয়েছে। এ ক্ষেত্রে দায়িত্বশীল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে স্কুলের সময়সূচিতে পরিবর্তন আনা হবে বলে জানান তিনি। সিএমপি কমিশনার জানান, রমজান মাসে ফুটপাত থেকে ঢালাওভাবে হকার উচ্ছেদের কোন পরিকল্পনা পুলিশের নেই। তবে রমজানের পর পরিকল্পিত উপায়ে হকারদের নিয়ন্ত্রণে আনার ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে। মনিরুজ্জামান বলেন, নগরীতে মিটার ছাড়া কোনো সিএনজি চালিত অটোরিকশা চলবে না। বাড়তি ভাড়া আদায় নিয়ে চালকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে মালিকদের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া চাঞ্চল্যকর মামলাগুলোর তদন্ত শেষ করার জন্য কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন- সিএমপির অতিরিক্ত কমিশনার আবদুল জলিল, উপ-পুলিশ কমিশনার (সদর) একেএম শহীদুর রহমান, উপ-পুলিশ কমিশনার (উত্তর) শাখাওয়াত হোসেন, পুলিশ কমিশনার (যানবাহন) মাহমুদুর রহমান, উপ-পুলিশ কমিশনার (বন্দর) হাবিবুর রহমান প্রমুখ। গত ৩ সেপ্টেম্বর মো. মনিরুজ্জামান সিএমপির কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিক মতবিনিময় করলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/কিউএইচ/এমএসবি/১৮০০ ঘ.