২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নৈতিক ও কর্মমুখী শিক্ষার ওপর জোর দিতে হবে: প্রধান উপদেষ্টা

নৈতিক ও কর্মমুখী শিক্ষার ওপর জোর দিয়ে নিরক্ষরদের সাক্ষরজ্ঞানসম্পন্ন তথা শিক্ষিত করে জনসম্পদে পরিণত করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2008, 12:04 PM

Updated : 26 Aug 2022, 02:21 PM

ঢাকা, সেপ্টেম্বর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নৈতিক ও কর্মমুখী শিক্ষার ওপর জোর দিয়ে নিরক্ষরদের সাক্ষরজ্ঞানসম্পন্ন তথা শিক্ষিত করে জনসম্পদে পরিণত করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ। আন্তজার্তিক সাক্ষরতা দিবসে উপলক্ষে সোমবার রাজধানীর ওসমানী মিলনায়তনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। জাতিসংঘের ঘোষণা অনুযায়ী 'শিক্ষা আনে কল্যাণ/সুখ-স্বাস্থ্য অফুরান' এই স্লোগান নিয়ে সারাবিশ্বের মতো বাংলাদেশেও ৮ সেপ্টেম্বর সাক্ষরতা দিবস পালন করা হয়। এবারের দিবসের মূল প্রতিপাদ্য- 'সুন্দর জীবনের জন্য সাক্ষরতা'। প্রধান উপদেষ্টা তার ভাষণে বলেন, "নৈতিক শিক্ষার সঙ্গে কর্মমুখী শিক্ষার ওপর সবিশেষ জোর দিতে হবে। এই বিশাল জনগোষ্ঠীকে শিক্ষিত ও সাক্ষরজ্ঞান করে জনসম্পদে পরিণত করতে হবে।" তিনি বলেন, "আগামী দিনের সৎ, ন্যায়নিষ্ঠ ও দেশপ্রেমিক নাগরিক ও নেতৃত্ব গড়ে তোলার জন্য সর্বস্তরে শিক্ষা তথা জ্ঞানের আলো ছড়িয়ে দিতে হবে। এজন্য যার যেটুক সামর্থ রয়েছে সেটা নিয়েই এগিয়ে আসতে হবে। মান সম্মত শিক্ষা থেকে যাতে কেউ বাদ না পড়ে তা আমাদের নিশ্চিত করতে হবে।" প্রধান উপদেষ্টা দুঃখের সঙ্গে উল্লেখ করেন, সাক্ষরতা অভিযানে দীর্ঘদিনের প্রচেষ্টার তুলনায় অর্জন তুলনামূলকভাবে অনেক কম। তিনি বলেন, "স্বাধীনতা-উত্তর বাংলাদেশে সাক্ষরতা অর্জনে এ যাবৎ বহু কর্মসূচি নেওয়া হয়েছে ও ব্যয় করা হয়েছে বিপুল অর্থ। দীর্ঘ পথ পরিক্রমের পরও এক্ষেত্রে আমাদের অর্জন আরও অনেক বেশি হওয়া বাঞ্ছনীয় ছিল।" নিরক্ষরতার অভিশাপ থেকে জাতিকে মুক্ত করার জন্য সম্মিলিতভাবে দৃঢ় অঙ্গীকার গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, "এজন্য আরও কার্যকর পদক্ষেপ ও উদ্যোগ গ্রহণে আমাদের এগিয়ে আসতে হবে। এক্ষেত্রে কালক্ষেপণের কোনো সুযোগ নেই। সমাজ থেকে বৈষম্য, দুর্নীতি ও অনাচার দূর করতে হলে দেশের সব নাগরিককে শিক্ষার আলোয় আলোকিত করা খবুই জরুরি।" প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা রাশেদা কে চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইয়া। অনুষ্ঠানে শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন ক্যাটাগরিতে পদক বিতরণ করা হয়। সচিব তাঁর বক্তব্যে জানান দেশে বর্তমানে সাক্ষরজ্ঞানসম্পন্ন মানুুষের হার ৬৩ শতাংশ। আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের গুরুত্ব তুলে ধরে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার আলোচনা অনুষ্ঠান প্রচার করছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার বিকেলে ব্যানবেইজ-এ উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এবং বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন (বিএনসিইউ) যৌথভাবে একটি গোলটেবিল বৈঠক আয়োজন করেছে। উপদেষ্টা রাশেদা কে, চৌধুরী এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া সব বিভাগ, জেলা ও উপজেলা সদর এবং প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে এ দিবস উদযাপনের জন্য আলোচনা সভা, শোভাযাত্রা, গণসচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় একটি পোস্টারও প্রকাশ করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এমএআর/টিএইচ/এসকে/১৭৫৭ঘ.