চাঁদপুর, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদপুর শহররক্ষা বাঁধের বিভিন্ন স্থানের ব্লক দেবে যাচ্ছে। সোমবার শহর রক্ষা বাঁধের পুরানবাজারের দোলমন্দির এলাকায় বাঁধের চার মিটার অংশের ব্লক দেবে গেছে।
গত ২৬ আগস্ট শহররক্ষা বাঁধের পুরানবাজার এলাকায় আকস্মিক ভাঙনে জুগিপট্টি থেকে মাছ বাজার পর্যন্ত এলাকার সাতটি ঘর মেঘনায় তলিয়ে গিয়েছিল। তখন ধসে গিয়েছিল বাঁধের প্রায় তিনশ' মিটার এলাকা।
এর আগেও ১১ আগস্ট রাতে শহররক্ষা বাঁধের দোলমন্দির এলাকায় ২৫ মিটারের ব্লক, ২৫ আগস্ট বড়স্টেশন মোলহেড এলাকায় বাঁধের চার মিটার এবং ৪ সেপ্টেম্বর হরিসভা এলাকায় মেঘনার ভাঙনে কিছু অংশের ব্লক দেবে যায়।
দেবে যাওয়া ব্লকের স্থানে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সাময়িকভাবে কিছু বালুভর্তি বস্তা ফেলেছে।
তবে পুরানবাজারের দোলমন্দির এলাকায় পর পর দু'বার এবং হরিসভা ও বড়স্টেশন মোলহেড এলাকায় বাঁধের ব্লক দেবে যাওয়ায় বড় ধরনের ভাঙনের আশংকা করছে মানুষ।
বড়স্টেশন মোলহেড এলাকার মাছ ব্যবসায়ী সোহেল গাজী ও জাকির হোসেন বলেন, ৫/৬ বছর আগে শহরের পুরাতন মাছঘাট, বরফকল, রেল স্টেশন ও লঞ্চ টার্মিনাল মেঘনায় বিলীন হয়ে গেছে।
তারা বলেন, এখন যেভাবে ব্লক বসে যাওয়ার ঘটনা ঘটছে তাতে শহররক্ষা বাঁধ বড় ধরনের ঝুঁকির মধ্যে রয়েছে। বাঁধ রক্ষা করা না গেলে শহরও বড় ধরনের ভাঙনের মুখে পড়তে পারে।
চাঁদপুর পাউবো'র নির্বাহী প্রকৌশলী জীবন কৃষ্ণ দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে পুরানবাজারের দোলমন্দির এলাকায় ব্লক দেবে যাওয়ার কথা নিশ্চিত করে বলেন, " মেঘনার প্রচণ্ড স্রোতে চার মিটার লম্বালম্বি এলাকার ব্লক দেবে যায়। এ কারণে এলাকাটি ভাঙনের হুমকির মুখে রয়েছে।"
নির্বাহী প্রকৌশলী জানান, দেবে যাওয়া অংশে বালুভর্তি বস্তা ফেলা হচ্ছে এবং বিষয়টি ঢাকায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। চাঁদপুর পাউবো'র ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জীবন কৃষ্ণ দাস আরও জানান, শহররক্ষা বাঁধের পুরানবাজারের অংশে এ বছর কোনো কাজ হয়নি। দু' বছর আগে সেখানে সংস্কার কাজ হয়েছিল।
স
bdnews24