২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ছেলে-মেয়েসহ মাকে হত্যার দায়ে আটজনের যাবজ্জীবন

চট্টগ্রামে মা ও তার দুই সন্তানকে হত্যার দায়ে আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাস কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2008, 04:06 PM

Updated : 26 Aug 2022, 02:20 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রামে মা ও তার দুই সন্তানকে হত্যার দায়ে আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাস কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার বিকালে চট্টগ্রামের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ শরিফ উদ্দিন আহমেদ এ রায় দেন। দণ্ডিতরা হলেন- মোহাম্মদ ইউসুফ, আম্বিয়া খাতুন, শামসুন নাহার, আয়েশা খাতুন, রোজী আক্তার, নুরুল আলম, আইয়ুব আলী ও মোহাম্মদ মিয়া। রায় ঘোষণার সময় রোজী আক্তার ও নুরুল আলম আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক রয়েছেন। সরকারি কৌসুলি এনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হত্যার অভিযোগ সুষ্পষ্টভাবে প্রমাণিত হওয়ায় ১১ জনের সাক্ষ্য নেওয়ার পর বিচারক এ রায় দিয়েছেন। জমি নিয়ে বিরোধের জের ধরে ১৯৯৬ সালের ২৮ জানুয়ারি রাউজান উপজেলার গশ্চি গ্রামের সিকদার চৌকিদার বাড়ির প্রবাসী মো. রহিমের স্ত্রী রোকেয়া বেগম ও তার ছয় বছর বয়সী ছেলে করিম, ছয় মাস বয়সী মেয়ে ইয়াছমিন আক্তারকে জবাই করে হত্যা করা হয়। পাঁচ দিন পর একই উপজেলার কদলপুর এলাকা থেকে রোকেয়া বেগমের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় একটি হত্যা মামলা হয় রাউজান থানায়। ২০০০ সালে মামলার অভিযোগপত্র দাখিল ও ২০০২ সালে অভিযোগ গঠন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/২১৫৪ ঘ.