২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারওয়ান বাজারের পাইকাররাই দাম বাড়াচ্ছে: এফবিসিসিআই

রাজধানীর কাঁচাবাজারগুলোতে পণ্যের মূল্য বৃদ্ধির জন্য কারওয়ান বাজারের পাইকারি ব্যবসায়ীদের দায়ী করেছেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) সভাপতি আনিসুল হক। পাইকারি বাজার থেকে পণ্য কিনে ফেরার সময় খুচরা বিক্রেতারা পুলিশ ও সন্ত্রাসীদের চাঁদাবাজির শিকার হচ্ছেন বলেও অভিযোগ করেছে এফবিসিসিআই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2008, 11:55 AM

Updated : 26 Aug 2022, 02:20 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কাঁচাবাজারগুলোতে পণ্যের মূল্য বৃদ্ধির জন্য কারওয়ান বাজারের পাইকারি ব্যবসায়ীদের দায়ী করেছেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) সভাপতি আনিসুল হক। পাইকারি বাজার থেকে পণ্য কিনে ফেরার সময় খুচরা বিক্রেতারা পুলিশ ও সন্ত্রাসীদের চাঁদাবাজির শিকার হচ্ছেন বলেও অভিযোগ করেছে এফবিসিসিআই। শুক্রবার রাজধানীর গুলশান-২ ও মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজার ঘুরে দেখার পর আনিসুল হক সাংবাদিকদের বলেন, "অন্যান্য পাইকারি আড়তের তুলনায় কারওয়ান বাজারে অনেক বেশি দাম রাখা হচ্ছে। সেখানকার ব্যবসায়ীরা খুচরা বিক্রেতাদের রশিদ দিচ্ছে না বলেও অভিযোগ পাওয়া গেছে।" তিনি বলেন, "কারওয়ান বাজারের ব্যবসায়ীদের নিয়ন্ত্রণের জন্য সরকারকে উদ্যোগ নিতে হবে।" এফবিসিসিআইয়ের দ্রব্যমূল্য মনিটরিং টাস্কফোর্সের তালিকা অনুযায়ী, শুক্রবার রাজধানীর শ্যামবাজারে প্রতি কেজি দেশি আদার দাম ছিল ৪০ থেকে ৪৫ টাকা। আর কারওয়ান বাজারের ব্যবসায়ীরা প্রতি কেজিতে দাম রাখছেন ৭৪ থেকে ৭৬ টাকা। শ্যামবাজারে প্রতি কেজি বেগুনের দাম যেখানে ৩০ থেকে ৪০ টাকা, কারওয়ান বাজারের পাইকাররা সেখানে রাখছেন ৬০ থেকে ৬২ টাকা। প্রতিকেজি কাঁচা মরিচ শ্যামবাজারে ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি করেও কারওয়ান বাজারে বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়। একইভাবে পেঁয়াজ, আলু, শশাসহ অন্যান্য সব্জির দামও শ্যামবাজারের তুলনায় বেশি রাখছেন কারওয়ান বাজারের পাইকারি ব্যবসায়ীরা। আনিসুল হক বলেন, "বাজার মোটামুটি স্থিতিশীল রয়েছে। কারওয়ান বাজারের পাইকাররা খুচরা ব্যবসায়ীদের রশিদ দিলে দাম আরও কমে আসবে।" এফবিসিসিআই সভাপতি অভিযোগ করেন, "পাইকারি বাজার থেকে পণ্য কিনে ফেরার সময় খুচরা অব্যবসায়ীরা চাঁদাবাজির শিকার হচ্ছেন। এ ব্যাপারে আমরা সরকারকে উদ্যোগ নিতে বলব।" এফবিসিসিআই সহ সভাপতি আবু আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, "পণ্য কিনে ফেরার সময় পুলিশ ও মাস্তানদের চাঁদা দিতে হয় বলে খুচরা ব্যবসায়ীরা অভিযোগ করেছেন। এটা বন্ধ না হলে পণ্যের দাম কমবে না।" দুই বাজার পরিদর্শনে এফবিসিআই প্রতিনিধি দলে অন্যান্যেনর মধ্যে ছিলেন সমিতির দ্রব্যমূল্য মনিটরিং টাস্কফোর্সের আহ্বায়ক কামাল উদ্দিন আহমেদ ও সমিতির পরিচালক শাফকাত হায়দার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জেকে/জিএনএ/১৭৪৪ ঘ.