ঢাকা, সেপ্টেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক রাষ্ট্রদূত নাজিমউল্লাহ চৌধুরীর বিরুদ্ধে ভুয়া বিল-ভাউচার দাখিল করে সরকারের আর্থিক ক্ষতি সাধনের অভিযোগে গত ১৪ মে করা মামলায় সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন।
বিকেলে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা উপ পরিচালক আবদুল্লাহ আল জাহিদ। আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে হুলিয়া ও সম্পত্তি ক্রোকের পরোয়ানা জারির আবেদন করেন তিনি।
অভিযোগপত্রে বলা হয়, নাজিমউল্লাহ চৌধুরী রাষ্ট্রদূত হিসাবে ভুয়া বিল-ভাউচার দাখিল করে ব্যক্তিগত কাজে সরকারের ২০ লাখ টাকার আর্থিক ক্ষতি সাধন করেছেন।
রমনা থানায় গত ১৪ মে মামলাটি করে দুর্নীতি দমন কমিশন।
এছাড়া তার বিরুদ্ধে সনদ জালিয়াতি করে অবসর গ্রহণের সময়সীমা পর হওয়ার পরও দুই বছর অতিরিক্ত চাকরি করার দায়ে গত রোববার শাহবাগ থানায় দুর্নীতি দমন কমিশন আরেকটি মামলা করেছে। এ মামলায় আগামী ৫ অক্টোবর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ নির্ধারণ করেছে আদালত।
সোমবার দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলার এজাহার গ্রহণ করে তৃতীয় অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. গোলাম রাব্বানী তদন্ত প্রতিবেদন দাখিলের এ আদেশ দেন।
মামলার এজাহারে বলা হয়, ২০০৩ সালের ৯ ফেব্র"য়ারি অভিযুক্তের অবসর গ্রহণের কথা থাকলেও প্রতারণার মাধ্যমে বয়স কমিয়ে দুই বছর অতিরিক্ত চাকরিতে নিযুক্ত থাকেন এবং সরাকরি অর্থ আত্মসাৎ করেন।
অভিযুক্ত নাজিমউল্লাহ চৌধুরী সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি দেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এদিকে অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাবেক পুলিশ সুপার মো. মজিবুল হক, স্ত্রী শাহিদা হক, ছেলে মো. শহীদুল হকের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন।
সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে কমিশনের উপ পরিচালক মো. সফিকুর রহমান ভূঁইয়া এ অভিযোগপত্র জমা দেন।
অভিযোগপত্রে বলা হয়, অভিযুক্তরা গত ৬ জানুযারি দাখিল করা সম্পদ বিবরণীতে ২ কোটি ১৫ লাখ টাকার সম্পদের তথ্য গোপন করেছে।
অভিযুক্তরা সবাই পলাতক রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/টিএইচ/এমএইচবি/২০৫৫ ঘ.
bdnews24