২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোজায় লোডশেডিং সহনীয় রাখতে চেষ্টা চলছে: ম. তামিম

রোজার মাসে লোডশেডিং সহনীয় পর্যায়ে রাখতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ম. তামিম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2008, 09:38 AM

Updated : 26 Aug 2022, 02:19 PM

ঢাকা, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোজার মাসে লোডশেডিং সহনীয় পর্যায়ে রাখতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ম. তামিম। রোজার প্রথম সপ্তাহে বিভিন্ন বিপণীবিতান রাত নয়টা পর্যন্ত খোলা রাখা যাবে বলেও জানান তিনি। রাজধানীর মোহাম্মদপুরের বাংলাদেশ বিশ্ববিদ্যালয় আয়োজিত 'স্থানীয় সরকার ও বাংলাদেশের উন্নয়ন শীর্ষক' সেমিনারে তিনি এ কথা বলেন। ম. তামিম বলেন, "রোজার মাসে ইফতার, তারাবী নামাজ ও সেহরির সময় লোডশেডিং সহনীয় পর্যায়ে রাখতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রাথমিকভাবে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত আধঘণ্টার বেশি যেন লোডশেডিং না থাকে সে চেষ্টা করা হচ্ছে।" মসজিদগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য ফিডার লাইন দিয়ে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি। এক প্রশ্নের জবাবে ম. তামিম বলেন, " রমজানের প্রথম সপ্তাহে বিপণীবিতানগুলো রাত আটটার পরিবর্তে নয়টা পর্যন্ত খোলা রাখা যাবে। প্রথম সপ্তাহ শেষে দোকান খোলা রাখার সময়সীমার ব্যাপারে পুনরায় সিদ্ধান্ত নেওয়া হবে।" বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কাজী আজহার আলীর সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে সাবেক সচিব লেখক হাসনাত আব্দুল হাই, হাঙ্গার প্রজেক্টের সহ সভাপতি বদিউল আলম মজুমদার, জনকণ্ঠের নির্বাহী সম্পাদক বোরহান আহমেদ, সাপ্তাহিক রোববারের সম্পাদক তোশারফ আলী প্রমুখ বক্তব্য রাখেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ন্যাশনাল ইনস্টিটিউট অব লোকাল গভর্নমেন্ট এর পরিচালক প্রশান্ত কুমার রায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/এএল/এসকে/১৫৩২ঘ.