ঢাকা, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি অনুদানপ্রাপ্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরতদের নির্বাচনে প্রার্থী হওয়ার ওপর নিষেধাজ্ঞার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে।
রোববার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মামনুন রহমানের বেঞ্চে আবেদনটি করেন রাজশাহীর পুঠিয়ার আইডিয়াল ডিগ্রি কলেজের প্রভাষক ও সাবেক ওয়ার্ড কমিশনার আবদুস সামাদ।
সোমবার এর ওপর শুনানি হবে বলে জানিয়েছেন রিটকারীর আইনজীবী তাজুল ইসলাম।
রিটে বলা হয়, "নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীর কথা বলা হচ্ছে। শিক্ষকরা সৎ ও যোগ্য। অধ্যাদেশ জারি করে তাদের প্রতিদ্বন্দ্বিতার সুযোগ বন্ধ করা হলে নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থী কীভাবে নিশ্চিত হবে।"
তত্ত্বাবধায়ক সরকার অতি জরুরি না হলে কোনো অধ্যাদেশ জারি করতে পারে না উল্লেখ করে আবেদনে বলা হয়, সংবিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার নীতিগত কোনো সিদ্ধান্তও নিতে পারে না।
রিটে প্রধান উপদেষ্টা, প্রধান নির্বাচন কমিশনার, রাষ্ট্রপতির সচিব, মন্ত্রিপরিষদ সচিব ও আইন সচিবকে প্রতিপক্ষ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/এসকে/১৯১৯ঘ.
bdnews24