২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এখনই উদ্যোগী না হলে মাশুল হবে অকল্পনীয়: ফখরুদ্দীন

জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ মোকাবেলায় এখনই কার্যকর ও সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2008, 11:35 AM

Updated : 26 Aug 2022, 02:18 PM

ঢাকা, আগস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ মোকাবেলায় এখনই কার্যকর ও সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ। তিনি বলেছেন, "খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির বিরূপ প্রভাব এবং তা কাটিয়ে ওঠার উপায় খুঁজতে আমাদের এখনই সক্রিয় হতে হবে। আর এ কাজে দেরির জন্য মাশুল হবে অকল্পনীয়।" শনিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে 'ইন্টারন্যাশনাল সিম্পোজিয়াম অন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ফুড সিকিউরিটি ইন সাউথ এশিয়া' শীর্ষক ছয় দিনব্যাপী সিম্পোজিয়ামের শেষ দিনে প্রধান অতিথির বক্তৃতায় প্রধান উপদেষ্টা এ কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, "বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে দক্ষিণ এশিয়া অত্যন্ত ঝুঁকির মধ্যে রয়েছে। সমুদ্রপৃষ্টের উচ্চতা আর এক মিটার বাড়লে বাংলাদেশের এক পঞ্চমাংশ এলাকা ডুবে যাবে। আড়াই থেকে ৩ কোটি মানুষ উদ্বাস্তু হবে। "এ ব্যাপারে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে অবশ্যই একসঙ্গে কাজ করতে হবে এবং একটি সমাধানে পৌঁছার লক্ষ্যে এক কণ্ঠে আন্তর্জাতিক ফোরামগুলোতে আলোচনা চালিয়ে যেতে হবে।" প্রধান উপদেষ্টা জানান, জলবায়ুর পরিবর্তনজনিত প্রভাব মোকাবিলায় সরকার একটি কৌশলপত্র তৈরির প্রস্তুতি শেষ করেছে। এরইমধ্যে সাড়ে চার কোটি ডলারের একটি তহবিলও তৈরি করা হয়েছে। জলবায়ুর পরিবর্তনের মতো একটি বৈশ্বিক সমস্যার সমাধান বৈশ্বিকভাবেই করতে হবে মন্তব্য করে গ্রিন হাউজ গ্যাসের নিঃসরণ কমিয়ে আনতে সব দেশের প্রতি আহ্বান জানান তিনি। এ সংক্রান্ত তথ্য ও প্রযুক্তি প্রাপ্তির ওপর গুরুত্ব দিয়ে ফখরুদ্দীন আহমদ বলেন, উন্নত দেশগুলোকে এ ব্যাপারে অবশ্যই সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। এর আগে অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে আইসল্যান্ডের প্রেসিডেন্ট ওলাফুর র‌্যাগনার গ্রিমসন বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে প্রতিটি দেশের নিরাপত্তা নিশ্চিত করতে বৈশ্বিক সংলাপ প্রয়োজন। আর্কটিক অঞ্চলের বরফ গলে সমুদ্রপৃষ্টের উচ্চতা বৃদ্ধির সম্ভাব্য ভয়াবহতা তুলে ধরে তিনি বলেন, "এটা সমগ্র বিশ্বের সমস্যা।" সিম্পোজিয়ামের শেষ দিনে 'ঢাকা ঘোষণা' উপস্থাপন করেন ওহাইও স্টেট ইউনিভার্সিটি'র অধ্যাপক রতন লাল। ঢাকা ঘোষণার সুপারিশের অংশে বলা হয়, জলবায়ুর পরিবর্তনজনিত দুযোর্গ মোকাবিলা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেত দক্ষিণ এশিয়ায় একটি নেটওয়ার্ক গড়ে তুলতে হবে এবং 'সাউথ এশিয়ান ক্লাইমেট আউটলুক ফোরাম' প্রতিষ্ঠা করতে হবে। এ দুটো বিষয়ে যৌথ গবেষণা এগিয়ে নিতে হবে এবং শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি সংস্থাগুলোকে কাজে লাগাতে হবে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এ সংক্রান্ত তথ্য ও প্রযুক্তির বিনিময় নিশ্চিত করতে হবে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমাতে একটি 'ওয়ার্নিং সেন্টার' প্রতিষ্ঠা করতে হবে। আর সামগ্রিকভাবে একটি আর্থিক ব্যবস্থাপনাও গড়ে তুলতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে শিক্ষা উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (পরিবেশ ও বন) রাজা দেবাশীষ রায়, এফএও'র এশিয়া অঞ্চলের সহকারী মহা পরিচালক চ্যাংচুই হি, বিশ্ব আবহাওয়া সংস্থার এম ভি কে শিবকুমার, সিম্পোজিয়াম আয়োজক কমিটির সমন্বয়ক এ এইচ এম মোস্তাফিজুর রহমান অনুষ্ঠানে বক্তব্য রাখেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, ওহাইও স্টেট ইউনিভার্সিটি, বিশ্ব আবহাওয়া সংস্থা, জাতিসংঘের এশিয়া-প্রশান্ত মহাসাগর অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ইউএনইএসসিএপি) ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) যৌথভাবে ছয় দিনের এ অনুষ্ঠানের আয়োজন করে। রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ গত ২৫ আগস্ট সিম্পোজিয়াম উদ্বোধন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/জিএনএ/১৭৫১ ঘ.