জয়পুরহাট, আগস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাট সদর উপজেলার দাদরা জন্তিপুর গ্রামে শুক্রবার রাতে ডাকাতের হামলায় এক জন নিহত হয়েছে। ডাকাতিতে জড়িত সন্দেহে দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহতের নাম পুতুল বাবু। ডাকাত দল তার বাড়ি থেকে নগদ ৮০ হাজার টাকা এবং ১৩ ভরি স্বর্ণালঙ্কার লুট করেছে বলে ক্ষতিগ্রস্তরা পুলিশকেজানিয়েছে।
সদর থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) নূর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত ১টার দিকে ১৫ থেকে ২০ জন সশস্ত্র ডাকাত পুতুল বাবুর বাড়িতে হানা দেয়। তারা ঘরের লোকজনকে এলোপাতাড়ি মারধর করে টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায়।"
ডাকাতের অস্ত্রাঘাতে পুতুল বাবু ঘটনাস্থলেই মারা যান বলে পুলিশ জানায়। তার ছেলে পলাশের অবস্থাও গুরুতর। তাকে প্রথমে জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটায় পলাশকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ডাকাতির ঘটনায় থানায় মামলা হয়েছে জানিয়ে পুলিশ কর্মকর্তা নূর হোসেন বলেন, "ডাকাতিতে জড়িত সন্দেহে দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।"
তবে তদন্তের স্বার্থে গ্রেপ্তারকৃতদের পরিচয় প্রকাশে রাজি হননি তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২১৫ ঘ.
bdnews24