২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাইকোর্টের আদেশে মুক্তি পেলেন সালমান রহমান

হাইকোর্টের আদেশে ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা সালমান এফ রহমানকে বুধবার দুপুরে মুক্তি দিয়েছে কারা কর্তৃপক্ষ। কারাগারের উপ মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কাশিমপুর কারাগার থেকে সালমান এফ রহমানকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2008, 05:56 PM

Updated : 26 Aug 2022, 02:17 PM

ঢাকা, আগস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাইকোর্টের আদেশে ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা সালমান এফ রহমানকে বুধবার দুপুরে মুক্তি দিয়েছে কারা কর্তৃপক্ষ। কারাগারের উপ মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কাশিমপুর কারাগার থেকে সালমান এফ রহমানকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। গত ২০ আগস্ট আইএফআইসি ব্যাংক দুর্নীতি মামলায় সালমান হাইকোর্টের জামিন পান। সালমানের আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক বুধবার সকাল পৌনে ১১টায় বিচারপতি শরীফ উদ্দিন চাকলাদার ও বিচারপতি মো. ইমদাদুল হক আজাদের হাইকোর্ট বেঞ্চে উপস্থিত হয়ে বলেন, তার মক্কেল সবগুলো মামলায় জামিন পেয়েছেন। জামিনের কাগজ ঢাকা কেন্দ্রীয় কারাগার ও কাশিমপুর কারাগারে পৌঁছছে। অথচ সালমানকে মুক্তি দেওয়া হচ্ছে না। রফিক উল হক আদালত অবমাননার অভিযোগ এনে মামলা করার জন্য আদালতে কাগজপত্র উপস্থাপন করে বলেন, "স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননার এ মামলা আমি দায়ের করতে চাই।" এ সময় আদালত বলেন, মামলার দরকার নেই। এক ঘণ্টার মধ্যে সালমানকে মুক্তি দিতে হবে। এক ঘণ্টার মধ্যে সালমানকে মুক্তি দেয়ার জন্য অ্যাটর্নি জেনারেলকে নির্দেশনা দেন বিচারপতিরা। এরপর বেলা পৌনে ১২টায় রফিক উল হক আবার আদালতে উপস্থিত হয়ে বলেন, হাইকোর্টের মৌখিক আদেশের পরও এক ঘণ্টার মধ্যে সালমানকে মুক্তি দেয়া হয়নি। আদালত এ পর্যায়ে অ্যাটর্নি জেনারেলের উদ্দেশ্যে বলেন, আরও এক ঘণ্টা সময় দেয়া হল। এই সময়ের মধ্যে সালমানকে মুক্তি দেওয়া না হলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে আদালতে ডেকে আনা হবে। পরে ব্যারিস্টার রফিক উল হক সাংবাদিকদের জানান, দুপুর ১২টা ২০ এ সালমানকে মুক্তি দেওয়া হয়। মুক্তির পর আইনজীবী আদালতকে জানান, তার মক্কেল ছাড়া পেয়েছেন। যৌথবাহিনী ২০০৭ সালের ৪ ফেব্র"য়ারি সালমান এফ রহমানকে গ্রেপ্তার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এটি/জেকে/এমএইচবি/২৩৪৫ ঘ.