ঢাকা, আগস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি দমন কমিশন ও গুরুতর অপরাধ দমন অভিযান সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটি থেকে ট্রুথ কমিশনে যে ১৮৪ জনের নথি গিয়েছে তার মধ্যে কোনো রাজনীতিবিদ নেই।
ট্রুথ কমিশনের চেয়ারম্যান বিচারপতি হাবিবুর রহমান খান বুধবার সাংবাদিকদের একথা জানান।
দুপুরে নগরীর হেয়ার রোডে কমিশন কার্যালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে চেয়ারম্যান বলেন, "আইন অনুযায়ী রাজনীতিবিদদের কেউ দোষী প্রমাণিত হলে তিনি পাঁচ বছরের জন্য নির্বাচন করতে পারবেন না। এ কারণে তারা ট্রুথ কমিশনে আসছেন না বলে মনে হচ্ছে।"
বিচারপতি হাবিবুর রহমান জানান, এ পর্যন্ত যতগুলো নথি কমিশনে এসেছে তার মধ্যে দুজন ব্যবসায়ী ও একজন কলেজ অধ্যক্ষের নাম রয়েছে।
এ ছাড়া পল্লী বিদ্যুতায়ন বোর্ড, বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড, সড়ক ও জনপথ বিভাগ, তিতাস গ্যাস, ডেসা, বিআইডব্লিউটিএ, ভূমি নিবন্ধন বিভাগ, বন বিভাগ, চট্টগ্রাম বন্দর ও বিআরটিএ কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের নথি কমিশনের হাতে এসেছে বলে জানান তিনি।
হাবিবুর রহমান খান জানান, এ পর্যন্ত ২৩ জন ট্রুথ কমিশনের 'কৃপা পাওয়ার জন্য' আবেদন ফরম নিয়েছেন। এর মধ্যে ১৫টি কমিশনে জমা পড়েছে। আগামী ১ সেপ্টেম্বর তাদের শুনানি শুরু হবে।
সবার সুবিধার কথা বিবেচনা করে ফরম জমা দেওয়ার তারিখ ১ সেপ্টেম্বর থেকে বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর করা হয়েছে বলে জানান তিনি।
কমিশন চেয়ারম্যান বলেন, "কারো বিরুদ্ধে কোনো দুর্নীতি মামলা থাকলে এবং তা আদালত পর্যন্ত গড়ালে অভিযোগ গঠনের আগ পর্যন্ত ট্রুথ কমিশনে আসা যাবে।"
অন্যান্যের মধ্যে কমিশনের সদস্য মঞ্জুর রশিদ খান ও আসিব আলী সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএল/জেকে/এসকে/১৮৩৭ঘ.
bdnews24