২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্মসৃজন কর্মসূচিতে মজুরি ও বেকার ভাতা বাড়ানোর দাবি

সরকারের ১০০ দিনের কর্মসৃজন কর্মসূচিতে সুবিধাভোগীর সংখ্যা, মজুরি ও বেকার ভাতা বাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2008, 11:10 AM

Updated : 26 Aug 2022, 02:18 PM

ঢাকা, আগস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের ১০০ দিনের কর্মসৃজন কর্মসূচিতে সুবিধাভোগীর সংখ্যা, মজুরি ও বেকার ভাতা বাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি। রাজধানীর তোপখানা রোডের মুক্তি ভবনে বুধবার এক সংবাদ সম্মেলনে সমিতির নেতারা এ দাবি জানান। সমিতির সাধারণ সম্পাদক সোহেল আহাম্মেদ সংবাদ সম্মেলনে বলেন, "কৃষি ও অকৃষি খাতে বাংলাদেশে প্রায় ৬ কোটি মজুর কাজ করেন। দরিদ্র মানুষের জন্য ১০০ দিনের কর্মসূচি নেওয়ায় সরকারকে আমরা সাধুবাদ জানাই। তবে এ কর্মসূচির সুবিধাভোগীর সংখ্যা ২০ লাখ থেকে বাড়িয়ে ৫০ লাখ করা প্রয়োজন।" তিনি বলেন, "এ কর্মসূচির আওতায় একজন মজুরের প্রতিদিনের মজুরি ধরা হয়েছে ১০০ টাকা। বর্তমান বাজারদরের সঙ্গে এই মজুরি সঙ্গতিপূর্ণ নয়। এটা বাড়িয়ে ১৫০ টাকা করতে হবে।" নীতিমালা অনুযায়ী, ১০০ দিনের এ কর্মসূচিতে নিবন্ধনের পর কাজ দিতে না পারলে সরকার সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রথম ৩০ দিনের জন্য ৪০ টাকা করে এবং অবশিষ্ট সময়ের জন্য ৫০ টাকা করে বেকার ভাতা দেবে সরকার। বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি বেকার ভাতার পরিমাণ ৪০ টাকার বদলে ৮০ টাকা ও ৫০ টাকার বদলে ৯০ টাকা করার দাবি জানিয়েছে। ক্ষেতমজুর নেতা সোহেল আহাম্মেদ অভিযোগ করেন, "কুড়িগ্রামের উলিপুর, পাবনার সাথিয়া, রংপুরের পীরগঞ্জসহ বিভিন্ন এলাকায় ইউনিয়ন পরিষদের সদস্যরা কাজ দেওয়ার নাম করে মজুর ও কৃষকদের কাছ থেকে ঘুষ নিচ্ছে।" এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান তিনি। এছাড়া ১০০ দিনের কর্মসৃজন কর্মসূচিতে নিবন্ধিত হওয়ার সময়সীমা ৩১ আগস্ট থেকে বাড়িয়ে ১৫ সেপ্টেম্বর করার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। অন্যদের মধ্যে সমিতির সভাপতি শামছুজ্জামান সেলিম, সহ-সভাপতি আনোয়ার হোসেন রেজা, কোষাধ্যক্ষ অনিরুদ্ধ দাশ অঞ্জন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। সরকার ১৪ আগস্ট ১০০ দিনের কর্মসৃজন কর্মসূচির নীতিমালা চূড়ান্ত করে। কর্মসূচি বাস্তবায়নের জন্য সরকার ইতোমধ্যে প্রান্তিক চাষী ও মজুরদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করেছে। এ কাজ ৩১ আগস্ট পর্যন্ত চলবে। কর্মসূচির প্রথম পর্যায় শুরু হবে মধ্য সেপ্টেম্বর থেকে। চলবে নভেম্বর পর্যন্ত। দ্বিতীয় পর্যায় চলবে আগামী বছরের মার্চ থেকে এপ্রিল পর্যন্ত। প্রথম দফায় ৬০ দিন ও দ্বিতীয় দফায় ৪০ দিনে পুরো কর্মসূচি বাস্তবায়িত হবে। দেশের ৬৪ জেলার ২০ লাখ লোক এ কর্মসূচির সুবিধা ভোগ করবে। এক্ষেত্রে নদী ভাঙন, মঙ্গা কবলিত এলাকা, হাওর-বাওর-চর এলাকাগুলোকে অগ্রাধিকার দেয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএআর/জেকে/জিএনএ/১৭০০ ঘ.