ঢাকা, আগস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানবিক সেবায় অবদান রাখায় যুক্তরাষ্ট্রের লসএঞ্জেসলস ভিত্তিক কনরাড এন হিল্টন হিউম্যানিটেরিয়ান পুরস্কারের জন্য মনোনীত হয়েছে বেসরকারি সংস্থা ব্র্যাক।
রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে বুধবার দুপুরে ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন ফজলে হাসান আবেদ পুরস্কার পাওয়ার কথা ঘোষণা করেন।
আগামী ২০ অক্টোবর সুইজারল্যান্ডের জেনেভায় আনুষ্ঠানিকভাবে পুরস্কারটি প্রদান করা হবে। এর মূল্যমান ১৫ লাখ ডলার।
পুরস্কারর পাওয়ার কথা জানিয়ে ফজলে হাসান আবেদ বলেন, "কনরাড এন হিলটন পুরস্কারপ্রাপ্তি আমাদের জন্য অত্যন্ত সম্মানের এবং আমাদের কর্মের অনন্য স্বীকৃতি। বর্তমান বিশ্বের লক্ষ কোটি মানুষ চরম দারিদ্র্যের মধ্যে অবস্থান করছে। এই বিশাল জনগোষ্ঠীকে নিজেদের ভাগ্যের নিয়ন্তা করে তুলতে হবে। এটাই আমাদের লক্ষ্য।"
তিনি জানান, মানবিক স্বীকৃতির স্বরূপ হিসেবে দেওয়া বিশ্বের বিভিন্ন পুরস্কারের মধ্যে এটিই সর্বোচ্চ। এবার ২২৫টি সংস্থার মধ্য থেকে ব্র্যাককে পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।
বিশ্বখ্যাত হোটেল উদ্যোক্তা কনরাড এন হিলটন ১৯৪৪ সালে লস এঞ্জেলস ভিত্তিক হিলটন ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন।
বর্তমানে এই ফাউন্ডেশনের রয়েছে ৪ দশমিক ২ বিলিয়ন ডলারের সমমূল্যের সম্পদ। সূচনালগ্ন থেকে এ পর্যন্ত ফাউন্ডেশন বিশ্বব্যাপী বিভিন্ন দাতব্য প্রকল্পে ৭৮০ মিলিয়ন ডলারের বেশি অর্থ প্রদান করেছে।
ফজলে হাসান আবেদ বলেন,"পুরস্কারের টাকা মূলত সুদানে ব্র্যাকের অধীনে পরিচালিত কৃষি, শিক্ষা, ক্ষুদ্রঋন ও স্বাস্থ্য খাতে ব্যয় করা হবে।"
পুরস্কার প্রাপ্তির বিষয়ে ব্র্যাক প্রধান বলেন,"ওরা বলেছে ( হিলটন ফাউন্ডেশন) অন্যান্য এনজিও একমাত্রিক উন্নয়নে কাজ করে কিন্তু ব্র্যাক বহুমাত্রিক উন্নয়ন কাজের সঙ্গে জড়িত।"
নোবেল পুরস্কারের প্রত্যাশা করেন কিনা জানতে চাইলে তিনি বলেন,"নোবেল পুরস্কার আমাদের মতো অনেক সংস্থা পেয়েছে, আমরা যে পাব না সেটা কে বলতে পারে। কাজ করে যাচ্ছি, তবে পুরস্কারের আশায় নয়।"
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাক এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ এ (রুমী) আলী ও উপ নির্বাহী পরিচালক ড. ইমরান মতিন।
১৯৭২ সালে মুক্তিযুদ্ধের পর যুদ্ধবিধ্বস্ত দেশে বিপর্যস্ত মানুষকে ত্রাণ সহায়তা প্রদানের লক্ষ্যে শেল ওয়েল কোম্পানীর তদানীন্তন নির্বাহী ফজলে হাসান আবেদ বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি তথা ব্র্যাক প্রতিষ্ঠা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এএল/জিএনএ/১৮২৮ ঘ.
bdnews24