২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সহিংসতার জেরে রাজধানীতে তীব্র যানজট

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সহিংস বিক্ষোভের ঘটনায় কয়েকটি ব্যস্ত সড়কে পুলিশ যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করায় সোমবার দুপুর থেকে রাজধানীতে তীব্র যানজট ছড়িয়ে পড়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2008, 03:04 PM

Updated : 26 Aug 2022, 02:17 PM

ঢাকা, আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সহিংস বিক্ষোভের ঘটনায় কয়েকটি ব্যস্ত সড়কে পুলিশ যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করায় সোমবার দুপুর থেকে রাজধানীতে তীব্র যানজট ছড়িয়ে পড়ে। বিশেষ করে বিকেলে অফিস ফেরত লোকজন তীব্র দুর্ভোগের মুখে পড়েন। সিএনজি চালিত অটোরিকশা ও ট্যাক্সি চালকরাও ইচ্ছেমত ভাড়া বাড়িয়ে দেয়। রাজধানীর মতিঝিলে একটি বেসরকারী ব্যাংকের কর্মকর্তা ইব্রাহীম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিকেল পাঁচটায় অফিস থেকে বের হয়ে আধাঘণ্টা চেষ্টার পর মোহাম্মদপুরগামী একটি বাসে ধাক্কাধাক্কি করে কোনমতে উঠে দাঁড়াই। কিন্তু মৎস্য ভবনের কাছে এসে তীব্র জ্যামে গাড়ি যেন একেবারে থমকে দাড়ায়। গরমে আর টিকতে না পেরে বাস থেকে নেমে ফার্মগেটের দিকে হাঁটতে থাকি। ফার্মগেটের কাছাকাছি পৌঁছে প্রায় দ্বিগুণ ভাড়ায় (৮০ টাকা) একটি সিএনজি নিয়ে তাজমহল রোডের বাসায় পৌঁছেছি।" মহানগর পুলিশের রমনা অঞ্চলের উপ-কমিশনার (ডিসি) আতিকুল ইসলাম সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সহিংসতার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শাহবাগ থেকে বিশ্ববিদ্যালয়ে ঢোকার মুখে চারুকলার সামনে ব্যারিকেড দিয়ে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হয়। এছাড়া সায়েন্স ল্যাব মোড় থেকে নীলক্ষেত অভিমুখী সড়কের মাথায় এবং নীলক্ষেত থেকে আজিমপুরমুখী সড়কের প্রবেশপথেও ব্যারিকেড দিয়ে যানবাহন চলাচল নিয়ন্ত্রণে রাখা হয়। এতে করে আশেপাশের সড়কগুলোতে চাপ পড়ায় যানজট দেখা দিয়েছে।" ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের যুগ্ম-কমিশনার জসিমউদ্দিন রাত পৌনে আটটায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কয়েকটি গুরুত্বপূর্ণ ও ব্যস্ত সড়কে যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করায় যানজট সৃষ্টি হয়। ঘণ্টাখানেক আগে সবগুলো রাস্তা থেকে ব্যারিকেড সরিয়ে নিয়ে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এখন ধীরে ধীরে যানজট পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করছি।" যানজট নিয়ন্ত্রণে রাখতে বিশেষ কোন ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে এই পুলিশ কর্মকর্তা বলেন, "এমনিতেই আমাদের জনবল সংকট রয়েছে। এ কারণে এ ধরনের বিশেষ পরিস্থিতি সৃষ্টি হলে আমরা এক এলাকা থেকে আরেক এলাকায় ফোর্স স্থানান্তরের মাধ্যমে পরিস্থিতি মোকাবেলার চেষ্টা চালাই।" হাসপাতালের কারাকক্ষের বাথরুমে পড়ে বিএনপির যুগ্ম মহাসচিব তারেক রহমানের আঘাত পাওয়ার খবরে সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজ এলাকায় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে ছাত্রদলের নেতাকর্মীরা। ছাত্রদের দেওয়া আগুনে একটি মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে মারা যান এক ব্যবসায়ী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এমএইচবি/২০৫৮ ঘ.