চট্টগ্রাম, আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাকরি স্থায়ী করাসহ বিভিন্ন দাবিতে আন্দোলনে নেমেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এক হাজারেরও বেশি শ্রমিক-কর্মচারী।
সোমবার তারা সিটি কর্পোরেশন চত্বরে বিক্ষোভ সমাবেশ ও প্রতীক অনশন করেন। কর্পোরেশনে অস্থায়ীভাবে নিয়োগ পাওয়া গাড়িচালকরা সকাল থেকে ময়লাবাহী কোনও গাড়ি চালাননি। পরিচ্ছন্নতা কর্মীরাও যোগ দেননি কাজে।
সিটি কর্পোরেশনে অস্থায়ীভাবে নিয়োগ পাওয়া শ্রমিক-কর্মচারীরা চাকরি স্থায়ীকরণ, বেতন-ভাতা বাড়ানোর দাবিতে আন্দোলন করছেন। পদোন্নতির দাবিতে আন্দোলন করছেন স্থায়ী শ্রমিক-কর্মচারীরা।
দুপুর সাড়ে ১২টার দিকে কয়েকজন শ্রমিক প্রতিনিধি সিটি কর্পোরেশনের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন।
কর্পোরেশনের গাড়িচালক আবদুল মুনাফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "১৪ বছর ধরে অস্থায়ী ভিত্তিতে কাজ করছি। দৈনিক ১৫০ টাকা করে মজুরি দেয় আমাদের। জিনিসপত্রের যে দাম এই টাকা দিয়ে তো আর সংসার চলে না।"
তিনি বলেন, "বেতন বাড়িয়ে আমাদের চাকরি স্থায়ী করতে হবে, নইলে আমাদের আন্দোলন চলবে।"
কর্পোরেশনের স্থায়ী কর্মচারীরা মাসের ১ তারিখে বেতন পেলেও অস্থায়ী শ্রমিকরা মাসের ১০ তারিখে বেতন পান। অস্থায়ী শ্রমিকরাও ১ তারিখে বেতন দেওয়ার দাবি করছেন। অস্থায়ী গাড়ি চালকরা দৈনিক ১৫০ টাকা করে মজুরি পেলেও গাড়ির সহকারী ও পরিচ্ছন্নতাকর্মীরা ১২০ টাকা মজুরি পান। সহকারী ও পরিচ্ছন্নতাকর্মীরা ১৫০ টাকা করে মজুরি দাবি করছেন।
সিটি কর্পোরেশন শ্রমিক-কর্মচারী উন্নয়ন পরিষদের সভাপতি কাজী আবু তৈয়ব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বেতন বাড়ানোসহ চাকরি স্থায়ী করার দাবিতে যখনই আন্দোলন করি তখনই মেয়র ও কমিশনাররা বৈঠক করে দাবি পূরণের আশ্বাস দেন। কিন্তু তা বাস্তবায়ন করেন না।"
অস্থায়ীদের চাকরি স্থায়ী করার বিষয়ে একটি কমিটি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, "কমিটি কিছু বিষয় চূড়ান্ত করেছে। কিন্তু কর্তৃপক্ষ তা বাস্তবায়ন করছে না।"
আবু তৈয়ব জানান, মেয়র যদি শ্রমিক-কর্মচারীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে সমাধানের আশ্বাস দেন তবে তা কর্মসূচি স্থগিতের কথা ভাববেন।
এ বিষয়ে যোগাযোগ করা হলে ভারপ্রাপ্ত মেয়র এম মনজুর আলম বলেন, "আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে শ্রমিক কর্মচারীদের দাবি দাওয়ার বিষয়টি সুরাহা করা হবে।"
শ্রমিক বিক্ষোভের কারণে কর্পোরেশন কার্যালয়ে পুলিশ মোতায়েন করা হয়েছে।
কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহআলম বলেন, "শ্রমিক-কর্মচারীরা কর্পোরেশন চত্বরের মধ্যেই রয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএআর/এমআই/১৩৫০ ঘ.
bdnews24