ঢাকা, আগস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের যুগ্ম সচিব পর্যায়ের চার কর্মকর্তাকে শনিবার বদলি করা হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয় বিকেলে এসব বদলির আদেশ দেয়।
চার কর্মকর্তার মধ্যে উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক রফিকুজ্জামানকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর নতুন মহাপরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ পেয়েছেন শ্রম পরিদপ্তরের পরিচালক শ্যামল কান্তি ঘোষ।
সংস্থাপন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মজিবর রহমানকে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়েছে। এছাড়া সাভার লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের মেম্বার ডাইরেক্টিং স্টাফ (এমডিএস) মনোয়ার হোসেন সরকারকে ভূমি সংস্কার বোর্ডের সদস্য হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কিউএইচ/জেকে/এমএইচবি/২১১৬ ঘ.
bdnews24