২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জালিয়াতির মামলায় সাবেক সাংসদ হাবিবের বিরুদ্ধে অভিযোগপত্র

জালিয়াতির মামলায় সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক বিএনপি সাংসদ হাবিবুল ইসলাম হাবিবের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2008, 01:40 PM

Updated : 26 Aug 2022, 02:16 PM

সাতক্ষীরা, আগস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জালিয়াতির মামলায় সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক বিএনপি সাংসদ হাবিবুল ইসলাম হাবিবের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। বুধবার সাতক্ষীরা বিচার বিভাগীয় হাকিমের আদালতে মামলার অভিযোগপত্র দেওয়া হয় বলে জানিয়েছেন সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের বেগ। জালিয়াতির মাধ্যমে কর ফাঁকির অভিযোগে দায়ের করা এ মামলায় সাবেক সাংসদের পাশাপাশি তার ভাবিসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে। আদালতে অভিযোগপত্র দাখিল করেছেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক লিয়াকত আলী। অভিযুক্ত আসামিরা হচ্ছে- হাবিবুল ইসলাম হাবিব, তার ভাবি নিলুফা ইয়াসমিন, ভাইজি উম্মে ওয়ারা তানিয়া, উম্মে ফাতিমা, ভাইপো তাজুল আরেফিন, সামছুল আরেফিন, ভাই রফিকুল ইসলাম, রাজিবুল ইসলাম, স্ট্যাম্প ভেন্ডার রবিউল ইসলাম, ওবাইদুর রহমান ও নোটারি পাবলিক অ্যাডভোকেট আজাহারুল ইসলাম। ওসি কাদের বেগ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সাতক্ষীরার উপ-কর কমিশনার আব্দুর সবুর বাদি হয়ে গত ১৪ জুলাই এ মামলা দায়ের করেন। এতে অভিযোগ করা হয়, কলারোয়ার সোনিয়া পেট্রোল পাম্প হাবিবের নিজের নামে হলেও নকল দলিলের মাধ্যমে তিনি তা তার ভাবি নিলুফা ইয়াসমিনের নামে দেখিয়েছেন। পাশাপাশি আরেকটি নকল দলিল তৈরি করে তিনি ভাবির কাছ থেকে ওই পাম্পটি ইজারা নেন।" এর মাধ্যমে আসামিরা কর ফাঁকি দেওয়ার পাশাপাশি সরকারের সঙ্গে প্রতারণা করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়। পুলিশ কর্মকর্তা কাদের বেগ আরও জানান, হাবিবের বিরুদ্ধে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগে একাধিক মামলা রয়েছে। ইতোপূর্বে একটি মামলায় সাবেক এ সাংসদের বাসার মালামালও ক্রোক করা হয়েছে। হাবিবুল ইসলাম জরুরি অবস্থা জারির পর থেকেই পলাতক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯২৭ ঘ.