রাজশাহী, আগস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও পার্শ্ববর্তী বিনোদপুর এলাকার লোকজনের মধ্যে মঙ্গলবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে।
এতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, এলাকাবাসী এবং পুলিশ সদস্যসহ কমপক্ষে অর্ধশত আহত হয়েছেন। সাগর নামে আহত এক ছাত্রকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের এই হাসপাতাল ও বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে।
সংঘর্ষের কারণে রাজশাহী-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এক ছাত্রের বাসে আসন না পাওয়া নিয়ে বিনোদপুরে বাস কাউন্টারে কথা কাটাকাটির পর সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষে আহত কমপক্ষে ৩০ জন ছাত্রকে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে বলে কেন্দ্রের ডাক্তার শামীম আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
ক্যাম্পাসের ভেতর থেকে রাত একটায় আমাদের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জানান, বিক্ষুব্ধ কয়েক হাজার ছাত্র শাহ মখদুম হলের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এনামুল হক এবং ছাত্র উপদেষ্টা অধ্যাপক ফরিদুুল ইসলাম পিন্টুসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা সেখানে উপস্থিত হয়ে ছাত্রদের শান্ত করার চেষ্টা চালাচ্ছেন।
এর আধঘণ্টা পর প্রক্টর ও ছাত্র উপদেষ্টাসহ কয়েকজন শিক্ষক এলাকাবাসীর নিক্ষিপ্ত ইটপাটকেলে আহত হন বলে প্রক্টর নিজেই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। তিনি বেশ কয়েকটি গাড়ি নিয়ে বিডিআর সদস্যদের ক্যাম্পাসে আসার খবরও জানান।
পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগে রাত সোয়া একটার দিকে ছাত্ররা ভিসির বাসভবনে হামলা চালায়। এদিকে উপাচার্যের দায়িত্বে থাকা উপ-উপাচার্য মামনুনুল কেরামতের বাসায় গভীর রাতে পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক শুরু হয়েছে বলে ছাত্র উপদেষ্টা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
বিনোদপুর বাজার থেকে রাত পৌনে একটায় এলাকাবাসী রাসেল আহম্মেদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সংঘর্ষ আপাতত থেমে গেলেও বিক্ষুব্ধ এলাকাবাসী বিনোদপুর বাজারে লাঠিশোটা হাতে নিয়ে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রেখেছে।
ঘটনাস্থল থেকে রাত সাড়ে ১১টায় মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "একদিকে হাজার হাজার ছাত্র আরেক দিকে হাজার হাজার গ্রামবাসী ইটপাটকেল নিক্ষেপ করছে। কোন পক্ষকে থামানো যাচ্ছে না।"
এর আধঘণ্টা আগে তিনি জানান, বিনোদপুর পুলিশের নিয়ন্ত্রণে আছে। "তাই আমরা এখনও অ্যাকশনে যাচ্ছি না।"
ঘটনাস্থল থেকে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, বিনোদপুরের লোকজন বিশ্ববিদ্যালয়ে প্রবেশের বিনোদপুর গেট ভেঙ্গে ক্যাম্পাসে ঢুকে শাহ মখদুম হল ও বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় পুলিশ কোন অ্যাকশনে যায়নি। হামলায় মখদুম হলের অনেক জানালার কাচ ভেঙ্গে গেছে। এলাকাবাসী হলটিতে আগুন লাগানোরও চেষ্টা করে।
রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মাহবুব মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পরিস্থিতি নিয়ন্ত্রণে দুজন উপ-পুলিশ কমিশনারের (ডিসি) নেতৃত্বে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশেপাশের এলাকায় দশ প্লাটুন পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে।"
আহতদের কয়েক জন হলেন ব্যবস্থাপনা বিভাগের ছাত্র রাশেদ, আলিফ ও মনোয়ার রায়হান, লোক প্রশাসনের মিজানুর রহমান, ফাইন্যান্স এন্ড ব্যাংকিং এর সাগর ও বেলাল, ফলিত পদার্থ বিজ্ঞানের আমিনুল ইসলাম, রাষ্ট বিজ্ঞানের জসীম, প্রত্যয় কুমার ও বাদল; পদার্থ বিজ্ঞানের সাজ্জাদুল জুম্মা, সমাজকর্মের লিটন, আইন ও বিচার বিভাগের আবু সাঈদ, কম্পিউটার সায়েন্সের রাজু, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজির আবুল কালাম মিলন, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক অমিতাভ নেওয়াজ পাপন।
ছাত্ররা জানান, ব্যবস্থাপনা দ্বিতীয় বর্ষের ছাত্র হুমায়ূন আহমেদ দুপুর আড়াইটার দিকে বিনোদপুর থেকে হানিফ পরিবহনের একটি বাসে ওঠে। কিন্তু সিট খালি না থাকায় তাকে বলা হয় নাটোরে গিয়ে বসতে দেওয়া হবে। নাটোর গিয়েও সিট না পেলে হুমায়ূনের সঙ্গে বাস সুপারভাইজারের কথা কাটাকাটি হয় এবং তাকে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়।
হুমায়ূন ৩০ কিলোমিটার দূরের নাাটোর থেকে বিনোদপুর ফিরে এসে কাউন্টারে ঘটনা খুলে বলেন। কাউন্টারের লোকজন পরের গাড়িতে তাকে তুলে দেওয়া হবে বলে জানায়। কিন্তু বেশ কিছুক্ষণ অপেক্ষার পরও তাকে গাড়িতে না তুললে তিনি ক্যাম্পাসে ফিরে গিয়ে ১০/১৫জন ছাত্র সঙ্গে নিয়ে কাউন্টারে আসেন। কাউন্টারের কনক নামের এক কর্মীর সঙ্গে কথা কাটাকটির এক পর্যায়ে মারামারি শুরু হয়।
এলাকাবাসী ও কাউন্টারের শ্রমিকরা একদিকে এবং ছাত্ররা আরেকদিকে অবস্থান নিয়ে ইটপাটকেল ছোড়াছুঁড়ি শুরু করে। ঢাকা-রাজশাহী সড়কের একদিকে ছাত্ররা অপরদিকে শ্রমিক ও গ্রামবাসীরা অবস্থান নেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/ডিডি/এমএইচবি/০১০৬ ঘ.
bdnews24