২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় রাজশাহী সিটি মেয়র লিটন আহত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের নতুন মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনসহ পাঁচজন। ঢাকা-রাজশাহী মহাসড়কে পুঠিয়ার তারাপুরে বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে লিটনের প্রাইভেটকারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে কারটি দুমড়ে-মুচড়ে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2008, 04:12 PM

Updated : 26 Aug 2022, 02:14 PM

রাজশাহী, আগস্ট ১৩ (বিডিনিউজি টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের নতুন মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনসহ পাঁচজন। ঢাকা-রাজশাহী মহাসড়কে পুঠিয়ার তারাপুরে বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে লিটনের প্রাইভেটকারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে কারটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় রাজশাহী মহানগর জাসদের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ শিবলী, আওয়ামী লীগের মহানগর নেতা মোস্তাফিজুর রহমান বাচ্চু, শামসুজ্জামান আওয়াল ও গাড়ি চালক রেজাউল করিমও আহত হন। এদের মধ্যে শিবলী ও রেজাউলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেয়রসহ অন্য তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সন্ধ্যায় মেয়র লিটন তার উপ-শহরের বাসায় সাংবাদিকদের কাছে দুর্ঘটনাটিকে রহস্যজনক ও ষড়যন্ত্রমূলক আখ্যায়িত করেন। লিটনের সফরসঙ্গী রাজশাহী নাগরিক কমিটির সদস্য সচিব ডা. সৈয়দ সাফিকুল আলম সাংবাদিকদের জানান, টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরে ফুল দেওয়ার জন্য বুধবার বিকেলে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনটি প্রাইভেটকারে তারা রাজশাহী থেকে রওনা দেন। বহরে সবার আগে ছিল লিটনের প্রাইভেটকারটি। বিকেল সাড়ে ৫টার দিকে পুঠিয়ার তারাপুরে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সেটির সংঘর্ষ হয়। তিনি বলেন, "আহতদের তাৎক্ষণিকভাবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। ওখানে মেয়র লিটন, আওয়াল ও বাচ্চুকে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। শিবলী ও রেজাউল হাসপাতালে ভর্তি আছেন।" দুর্ঘটনার খবর পেয়ে ওয়ার্কাস পার্টির পল্যিটব্যুরো সদস্য ফজলে হোসেন বাদশাসহ আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হাসপাতালে লিটনকে দেখতে যান। এ ঘটনায় বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সাত্তার পুঠিয়া থানায় একটি মামলা করেছেন। দুর্ঘটনার জন্য দায়ী ট্রাকটিকে আটক করা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/২২০৩ ঘ.