২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'নিপীড়ক' শিক্ষকের বরখাস্তের দাবিতে জাবিতে ক্লাস বর্জন, মিছিল-সামবেশ

যৌন নিপীড়নের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সভাপতি ছানোয়ার হোসেনকে স্থায়ীভাবে বরখাস্তের দাবিতে বৃহস্পতিবার শিক্ষার্থীদের ক্লাস বর্জন কর্মসূচি পালন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2008, 11:06 AM

Updated : 26 Aug 2022, 02:13 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আগস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যৌন নিপীড়নের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সভাপতি ছানোয়ার হোসেনকে স্থায়ীভাবে বরখাস্তের দাবিতে বৃহস্পতিবার শিক্ষার্থীদের ক্লাস বর্জন কর্মসূচি পালন করেছে। এছাড়া জুতা মিছিল ও সমাবেশও করেছে তারা। মিছিল শেষে শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষকের কুশপুত্তলিকায় থু থু নিক্ষেপ ও জুতা পেটা করে। সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ক্লাশ বর্জন করে শিক্ষার্থীরা। তারা পুরাতন কলা ভবন থেকে জুতা মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এ সময় শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষকের কুশপুত্তলিকা, প্রতিবাদী বিভিন্ন প্ল্যাকার্ড, ব্যানার ও জুতা বহন করে। মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের পরিবহন এলাকায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে অবিলম্বে অভিযুক্ত শিক্ষকের স্থায়ী বরখাস্ত এবং যৌন নিপীড়ন বিরোধী নীতিমালা বাস্তবায়নের দাবি জানায় শিক্ষার্থীরা। যৌন হয়রানির জন্য অভিযুক্ত শিক্ষককে স্থায়ী বরখাস্ত এবং নিপীড়ন বিরোধী নীতিমালা প্রণয়নের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা গত ৫ আগস্ট বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ১৮ই আগস্ট পর্যন্ত সময় বেঁধে দিয়েছে। এ সময়ের মধ্যে দাবি পূরণ না হলে ১৯ আগস্ট থেকে লাগাতার ক্লাস ও পরীক্ষা বর্জনের কর্মসূচি ঘোষণা করেছে তারা। অভিযুক্ত ছানোয়ার হোসেন বর্তমানে তিন মাসের বাধ্যতামূলক ছুটিতে আছেন এবং তার বিরুদ্ধে চার ছাত্রীর যৌন নিপীড়নের অভিযোগের তদন্ত চলছে। গত ৩ মে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ২০০৪-০৫ শিক্ষাবর্ষের চার ছাত্রী পৃথকভাবে উপাচার্যের কাছে বিভাগীয় সভাপতির বিরুদ্ধে যৌন হয়রানির লিখিত অভিযোগ দায়ের করে। পরে অভিযুক্ত শিক্ষকের স্থায়ী বরখাস্তের দাবিতে বিভাগের শিক্ষার্থীরা ৪ মে থেকে লাগাতার ক্লাস পরীক্ষা বর্জন ঘোষণা করে। একই সঙ্গে তারা অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের নিয়ে 'নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর' এই ব্যানারে ধারাবাহিকভাবে প্রতিবাদ মিছিল-সমাবেশ, মৌন র‌্যালি মানববন্ধনসহ অন্যান্য কর্মসূচি পালন করে আসছে। ছানোয়ার হোসেনের বিরুদ্ধে অভিযোগ তদন্তে সত্যাসত্য যাচাই কমিটি এবং পরে অধিকতর সত্যাসত্য যাচাই কমিটি গঠন করা হয়। এ দুটি কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। ওই প্রতিবেদন দুটির ভিত্তিতে প্রশাসন তাকে তিন মাসের বাধ্যতামূলক ছুটি দিয়ে উপাচার্যকে প্রধান করে চূড়ান্ত তদন্ত কমিটি গঠন করে। কমিটি তদন্তের কাজ করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৫৭ ঘ.