২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলিলের দুর্নীতি মামলা বাতিলের আবেদন খারিজ

সম্পত্তির তথ্য গোপনের অভিযোগে দায়ের করা মামলার কার্যক্রম বাতিলের জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিলের করা আবেদন খারিজ করে দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2008, 03:28 PM

Updated : 26 Aug 2022, 02:12 PM

ঢাকা, আগস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সম্পত্তির তথ্য গোপনের অভিযোগে দায়ের করা মামলার কার্যক্রম বাতিলের জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিলের করা আবেদন খারিজ করে দিয়েছে আদালত। বুধবার সংসদ ভবনের বিশেষ জজ আদালত-১ এর বিচারক মো. ফিরোজ আলম মামলাটির অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ১৪ আগস্ট দিন ধার্য করেছেন। জলিলের পক্ষে তার আইনজীবী আবদুল মান্নান খান মঙ্গলবার মামলাটি বাতিলের আবেদন করেছিলেন। ওই আবেদনের ওপর শুনানিতে আদালতকে তিনি বলেন, "দুর্নীতি দমন কমিশন বিধিমালা অনুযায়ী কোনো মামলার অনুসন্ধান কাজ শুরুর পর এক মাসের মধ্যে তা শেষ করতে হবে। কিন্তু আবদুল জলিলের বিরুদ্ধে দায়ের করা মামলায় অনুসন্ধান প্রতিবেদন জমা দেওয়া হয়েছে তিন মাস পর। সুতরাং মামলাটি অবৈধ। এর বিচার কাজ চলতে পারে না।" অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী খুরশীদ আলম খান আদালতকে বলেন, দুর্নীতি দমন কমিশন নিয়ম মেনেই কাজ করছে। এ মামলার বিচার চলতে আইনগত কোনো বাধা নেই। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক বুধবার আবেদনটি খারিজ করে দিয়ে অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য করেন। দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক এনামুল হক চৌধুরী গতবছর ১৮ ডিসেম্বর রমনা থানায় এ মামলা দায়ের করেন। এতে অভিযোগ করা হয়, জলিল কমিশনে জমা দেওয়া সম্পত্তির হিসাব বিবরণীতে ৬৩ লাখ ৮২ হাজার টাকার সম্পত্তির তথ্য গোপন করেছেন। এছাড়া ঘোষিত আয়ের বাইরে ৬৫ লাখ ২৯ হাজার টাকার সম্পত্তি অর্জন করেছেন তিনি। প্যারোলে মুক্ত আবদুল জলিল বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/জেকে/এমএইচবি/২১২৪ ঘ.