২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আট পৌরসভায় আ. লীগ, একটিতে বিএনপি প্রার্থী জয়ী

দেশের নয়টি পৌরসভায় অনুষ্ঠিত নির্বাচনের বেসরকারি প্রাথমিক ফলাফলে আটটির মেয়র পদে আওয়ামী লীগ নেতা ও দলটির সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন। বাকি একটিতে জয়ী হয়েছেন বিএনপি নেতা। সোমবার এসব পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2008, 09:13 PM

Updated : 26 Aug 2022, 02:11 PM

ঢাকা, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের নয়টি পৌরসভায় অনুষ্ঠিত নির্বাচনের বেসরকারি প্রাথমিক ফলাফলে আটটির মেয়র পদে আওয়ামী লীগ নেতা ও দলটির সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন। বাকি একটিতে জয়ী হয়েছেন বিএনপি নেতা। সোমবার এসব পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়। দেশে জরুরি অবস্থা জারি থাকলেও নির্বাচন উপলক্ষে এসব এলাকায় তা শিথিল করা হয়। বিজয়ীরা হলেন- শরীয়তপুর পৌরসভায় জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রব মুন্সী, মানিকগঞ্জে জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য রমজান আলী, চট্টগ্রামের সীতাকুণ্ডে আওয়ামী লীগ সমর্থিত শফিউল আলম, সিলেটের গোলাপগঞ্জে বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক জাকারিয়া আহমদ পপলু, চুয়াডাঙ্গায় আওয়ামী লীগ সমর্থিত রিয়াজুল ইসলাম জোয়ার্দার টোটন, বগুড়ার দুপচাঁচিয়ায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া, রাজশাহীর নওহাটায় পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুর এবং গাজীপুরের শ্রীপুরে বর্তমান মেয়র আওয়ামী নেতা আনিছুর রহমান। বর্তমান তত্ত্ববাধয়ক সরকারের সময়ে প্রথম বারের মত করা এই নির্বাচনে ব্যাপক ভোট পড়েছে। পৌরসভাগুলোতে গড়ে ৮৮ দশমিক ৮৯ শতাংশ ভোট পড়েছে বলে নির্বাচন কর্মকর্তারা প্রাথমিকভাবে জানিয়েছেন। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। নয় পৌরসভার নির্বাচনী এলাকায় জাল ভোট, বিশৃঙ্খলা বা অনিয়মের খবর পাওয়া যায়নি। সোমবার রাতে আমাদের প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর: শরীয়তপুর: শরীয়তপুর পৌরসভার বেসরকারি ফলাফলে মেয়র পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগ নেতা আব্দুর রব মুন্সী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন কালু। রিটার্নিং কর্মকর্তা স্বপন কুমার বড়াল সাংবাদিকদের জানান, ১৮টি কেন্দ্রের সবগুলোর ভোট গণনায় ১০ হাজার ৪৩৭ ভোট পেয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রব মুন্সী জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন কালু পেয়েছেন ৮ হাজার ২৮৭ ভোট। রিটার্নিং কর্মকর্তা জানান, পৌরসভার মোট ভোটার ২৭ হাজার ১৫৭ জন। ভোট দেওয়ার হার প্রায় ৯১ শতাংশ। শরীয়তপুর পৌর নির্বাচনে মেয়র পদে এবার ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। বাকি দুজন হলেন- মাহাবুব আলম তালুকদার ও অমিত ঘটক। এছাড়াও কাউন্সিলর পদে ৪০ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। মানিকগঞ্জ: মানিকগঞ্জ পৌরসভার বেসরকারি ফলাফলে মেয়র পদে জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য রমজান আলী জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা যুবদলের সহ-সভাপতি নাসির উদ্দিন আহমেদ যাদু। রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সালাহ উদ্দিন চৌধুরী সাংবাদিকদের জানান, ২৩টি কেন্দ্রের সবগুলো ভোট গণনায় ১৬ হাজার ২০৮ ভোট পেয়ে রমজান আলী জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসির উদ্দিন আহমেদ যাদু পেয়েছেন ৮ হাজার ৯৪৭ ভোট। রিটার্নিং কর্মকর্তা জানান, ৪১ হাজার ৯০১ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৩৬ হাজার ২০৯ জন। ভোট দেওয়ার হার ৮৬ দশমিক ৪১ শতাংশ। মানিকগঞ্জ পৌর নির্বাচনে মেয়র পদে এবার আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরা হলেন- মো. রমজান আলী, নাসির উদ্দিন আহমেদ যাদু, সুদেব সাহা, মো. আবুল কাশেম, বিল্লাল হোসেন, আফরোজা আক্তার, জিএম রফি অপু ও মোশারফ হোসন বাবু। এছাড়াও কাউন্সিলর পদে ৭২ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সীতাকুণ্ড, চট্টগ্রাম: সীতাকুণ্ড পৌরসভার বেসরকারি ফলাফলে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত শফিউল আলম জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বর্তমান মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি এম আবুল কালাম। রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রউফ সাংবাদিকদের জানান, ১৩টি কেন্দ্রের সবগুলোর ভোট গণনায় ১২ হাজার ১৭০ ভোট পেয়ে জয়ী হয়েছেন শফিউল আলম (ছাতা প্রতীক)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বর্তমান মেয়র এম আবুল কালাম আজাদ (দেয়াল ঘড়ি) পেয়েছেন ৪ হাজার ২১৩ ভোট। রিটার্নিং কর্মকর্তা জানান, ২৫ হাজার ১৭১ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ২১ হাজার ২৮৭ জন। ভোট গ্রহণের হার ৮৪ দশমিক ৫৬ শতাংশ। সীতাকুণ্ড পৌর নির্বাচনে মেয়র পদে পাঁচ প্রতিদ্বন্দ্বির বাকি তিনজন হলেন- আওয়ামী লীগের বিদ্রোহী প্রাথী এটিএম সাইফুদ্দিন শাহীন (চাকা), জাতীয় পার্টির (এরশাদ) নিজাম উদ্দিন (চেয়ার) ও নুরুন্নবী ভূঁইয়া (আনারস)। কাউন্সিলর পদে জয়ীরা হলেন- ১ নম্বর ওয়ার্ডে সেলিম উদ্দিন, ২ নম্বরে জয়নাল আবেদীন, ৩ নম্বরে একেএম শামসুল আলম, ৪ নম্বরে হারাধন চৌধুরী, ৫ নম্বরে শফিউল আলম চৌধুরী মুরাদ, ৬ নম্বরে মো. জহুরুল আলম, ৭ নম্বরে জামাল উদ্দিন, ৮ নম্বরে রফিকুল আলম এবং ৯ নম্বরে জুলফিকার আলী মাসুদ। তিনটি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে জয়ী হয়েছেন- আনোয়ারা বেগম, জাকেয়া বেগম, মাসুদা বেগম। পৌরসভার সাধারণ কাউন্সিলর পদে ৩৭ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। গোলাপগঞ্জ, সিলেট: গোলাপগঞ্জ পৌরসভার বেসরকারি ফলাফলে বর্তমান মেয়র জাকারিয়া আহমদ পপলু জয়ী হয়েছেন। তিনি গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সিরাজুল জব্বার চৌধুরী। রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা খলিলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৯টি কেন্দ্রের সবগুলোর ভোট গণনায় ৫ হাজার ৪২১ ভোট পেয়ে তিনি জয়ী হয়েছেন। তার নিকটতম সিরাজুল জব্বার চৌধুরী পেয়েছেন ৩ হাজার ৪৭৫ ভোট। রিটার্নিং কর্মকর্তা জানান, ১৫ হাজার ৭১০ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১৪ হাজার ১৩২ জন। ভোট প্রদানের হার ৮৯ দশমিক ৯৬ শতাংশ। নির্বাচিত ৯ কাউন্সিলররা হলেন- ১ নম্বর ওয়ার্ডে আব্দুল জহির, ২ নম্বর ওয়ার্ডে আব্দুল কাদির, ৩ নম্বরে ইউসুফ আলী, ৪ নম্বরে গোলাম মোস্তফা মুসা, ৫ নম্বরে রুহিনআহমদ খান, ৬ নম্বরে মো. আলাউদ্দিন, ৭ নম্বরে হেলালুজ্জামান, ৮ নম্বরে ফারুক আলী এবং ৯ নম্বরে নজরুল ইসলাম। সংরক্ষিত ওয়ার্ড ১, ২ ও ৩ -এ সুফিয়া বেগম, ৪, ৫ ও ৬ -এ মেহেরুন বেগম এবং ৭, ৮ ও ৯ -এ মনোয়ারা ফেরদৌস। গোলাপগঞ্জ পৌর নির্বাচনে মেয়র পদে এবার ৭ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়া কাউন্সিলর পদে ৪৫ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা পৌরসভার বেসরকারি ফলাফলে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত রিয়াজুল ইসলাম জোয়ার্দার টোটন জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আব্দুল জব্বার সোনা। নির্বাচন নিয়ন্ত্রণ কেন্দ্রে দায়িত্বরত উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জানান, ২৪টি কেন্দ্রের সবগুলোর ভোট গণনায় ২৫ হাজার ৫৯২ ভোট পেয়ে জয়ী হয়েছেন রিয়াজুল ইসলাম জোয়ার্দার টোটন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আব্দুল জব্বার সোনা পেয়েছেন ১৮ হাজার ৪৯৫ ভোট। তিনি জানান, ৫১ হাজার ৭২৭ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৪৪ হাজার ৪১২ জন। ভোট দেওয়ার হার প্রায় ৮৬ শতাংশ। চুয়াডাঙ্গা পৌর নির্বাচনে মেয়র পদে এবার পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করেন। বাকি তিন প্রার্থী হলেন- আনোয়ার হোসেন, মো. এক্রামুল হক মুক্তা ও সৈয়দ ফারুক আহমেদ। তিনজনই জামানত হারিয়েছেন। এছাড়াও কাউন্সিলর পদে ৫৫ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। দুপচাঁচিয়া, বগুড়া: বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার বেসরকারি ফলাফলে জাহাঙ্গীর আলম জয়ী হয়েছেন। তিনি দুপচাঁচিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক। রিটার্নিং কর্মকর্তা এবং দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুল হুদা সাংবাদিকদের জানান, নয়টি কেন্দ্রের সবগুলোর ভোট গণনায় জাহাঙ্গীর আলম ৪ হাজার ৮৯৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি নুরুল হক তালুকদার পেয়েছেন ২ হাজার ৬৮৪ ভোট। রিটার্নিং কর্মকর্তা জানান, ১৩ হাজার ২১৩ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১২ হাজার ৪৪৩ জন। ভোট গ্রহণের হার ৯৪ দশমিক ১৭ শতাংশ। দুপচাঁচিয়া পৌর নির্বাচনে মেয়র পদে এবার ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান জাহাঙ্গীর আলম (আনারস), বর্তমান ভারপ্রাপ্ত মেয়র উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন (হাত পাখা), জেলা যুবলীগ সদস্য ও সদর ইউনিয়নের চেয়ারম্যান আহমেদুর রহমান বিপ্লব (চেয়ার), উপজেলা বিএনপির সভাপতি আবদুল লতিফ (ছাতা), উপজেলা জাপা (এ) সভাপতি আবদুস সামাদ (দেয়ালঘড়ি), উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নুরুল হক তালুকদার (আম)। এছাড়াও কাউন্সিলর পদে ৪৮ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৭ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ফুলবাড়িয়া, ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌরসভার বেসরকারি ফলাফলে মেয়র পদে আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি নেতা চান মাহমুদ। রিটার্নিং কর্মকর্তা সাবিরুল ইসলাম সাংবাদিকদের জানান, এ পৌরসভার ১০টি কেন্দ্রের সবগুলোর ভোট গণনায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া (মাইক প্রতীক) ৩ হাজার ৬৯২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পৌর বিএনপির সহসভাপতি চান মাহমুদ পেয়েছেন ৩ হাজার ৪০৯ ভোট। রিটার্নিং কর্মকর্তা জানান, ১৭ হাজার ২৬৬ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১৫ হাজার ৭৫৭ জন। ভোট দেওয়ার হার ৯১ দশমিক ২০ শতাংশ। ফুলবাড়িয়া পৌর নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১০ জন। এছাড়াও কাউন্সিলর পদে ৪৫ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নওহাটা, রাজশাহী: রাজশাহীর নওহাটা পৌরসভার বেসরকারি ফলাফলে মেয়র পদে পৌর আওয়ামী লীগ সভাপতি আব্দুল গফুর জয়ী হয়েছেন। রিটার্নিং কর্মকর্তা ও পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ূন কবির সাংবাদিকদের জানান, ১৪টি কেন্দ্রের সবগুলোর ভোট গণনায় আব্দুল গফুর (আম প্রতীক) ১৬ হাজার ৬০৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পৌর বিএনপি সভাপতি ও বর্তমান মেয়র মকবুল হোসেন (ছাতা) পেয়েছেন ৮ হাজার ৭৯৫ ভোট। রিটার্নিং কর্মকর্তা জানান, ৩৩ হাজার ৮৩৩ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৩১ হাজার ৪৪৮ জন। ভোট প্রদানের হার ৯২ দশমিক ৯৫ শতাংশ। নওহাটা পৌর নির্বাচনে মেয়র পদে এবার আটজন প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়াও কাউন্সিলর পদে ৪৫ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। শ্রীপুর, গাজীপুর: শ্রীপুর পৌরসভার বেসরকারি ফলাফলে মেয়র পদে আওয়ামী লীগ নেতা বর্তমান মেয়র মো. আনিছুর রহমান জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. নুরুল ইসলাম। নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব রফিকুল ইসলাম রাতে সচিবালয়ের নিয়ন্ত্রণ কক্ষে পৌরসভার মেয়র পদের বেসরকারি প্রাথমিক ফলাফল ঘোষণা করেন । তিনি জানান, মোট ১৯টি কেন্দ্রের সবগুলোর ভোট গণনায় আনিছুর রহমান ছাতা প্রতীক নিয়ে ১৭ হাজার ৮০৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. নুরুল ইসলাম (চাকা প্রতীক) পেয়েছেন ৭ হাজার ৬৭৯ ভোট। তিনি জানান, মোট ৪৮ হাজার ৩৩৯ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৪০ হাজার ৪৬৫ জন। ভোট দেওয়ার হার ৮৩ দশমিক ৭১ শতাংশ। শ্রীপুর পৌর নির্বাচনে মেয়র পদে এবার ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করেন। বাকি প্রার্থীরা হলেন- আবু মহসিন ভুঁইয়া, মো. আব্দুল মোতালেব, মো. নজরুল ইসলাম ও মো. শফিকুল ইসলাম। এছাড়াও কাউন্সিলর পদে ৪২ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। গত ২০ জুন বিকেলে প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা রাজশাহী, সিলেট, খুলনা ও বরিশাল সিটি করপোরেশন ও নয়টি পৌরসভা নির্বাচনের তফশিল ঘোষণা করেন। বিএনপিসহ চারদল আগে সংসদ নির্বাচনের দাবি জানায় এবং সিটি করপোরেশন ও পৌরসভা নির্বাচন বর্জন করে। তবে কেন্দ্রীয় সিদ্ধান্ত উপক্ষো করে প্রায় সবখানে স্থানীয় নেতারা নির্বাচনে অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এএনএস/এমএইচসি/ডিডি/এমএসবি/এমআই/এমএইচবি/০৩০১ ঘ.