ঢাকা, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চারটি সিটি কর্পোরেশন ও পৌরসভা নির্বাচনে সোমবার দুপুর দেড়টা পর্যন্ত ৩০ থেকে ৩৫ শতাংশ ভোট পড়েছে।
নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসেন সোমবার দুপুরে নির্বাচন কমিশন (ইসি) সাংবাদিকদের বলেন, "চারটি সিটি কর্পোরেশন ও নয়টি পৌরসভা নির্বাচনে সোমবার দুপুর দেড়টা পর্যন্ত ৩০ থেকে ৩৫ শতাংশ ভোট পড়েছে।"
ছহুল হোসেন আশা প্রকাশ করেছেন, শেষ পর্যন্ত ১৩টি নির্বাচনী এলাকায় ৭০ থেকে ৭৫ শতাংশ ভোট পড়তে পারে।
তিনি জানান, নির্বাচন কমিশন সচিবালয়ের নিয়ন্ত্রণ কক্ষে প্রতি ঘণ্টায় ভোটের সর্বশেষ অবস্থা জানানো হচ্ছে।
খুলনা, রাজশাহী, সিলেট ও বরিশাল- এ চার সিটি কর্পোরেশনসহ নয়টি পৌরসভায় সোমবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ চলছে। জরুরি অবস্থার মধ্যে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের সময়ে এটাই যে কোনও ধরনের প্রথম নির্বাচন। অবশ্য নির্বাচনী এলাকাগুলোতে জরুরি অবস্থা শিথিল করা হয়েছে।
নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট এলাকায় সোমবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
এদিকে ভোটার তালিকায় ক্রমিক নম্বর বিভ্রাট নিয়ে উদ্বেগের মধ্যেই প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা বলেছেন, বিকাল ৪টার মধ্যে যারাই কেন্দ্রে আসবেন তাদের সবার ভোটই নেওয়া হবে।
সোমবার দুপুরে মানিকগঞ্জ পৌর নির্বাচনের সরকারি দেবেন্দ্র কলেজ কেন্দ্র পরিদর্শনের পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন। ভোট নেওয়ার ক্ষেত্রে কিছুটা ধীর গতি এবং ভোটার নম্বার বাছাইয়ে দেরির কথাও স্বীকার করেন সিইসি।
তিনি বলেন, "সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এ সময়ে কেউ ভোট কেন্দ্রের ভেতরে লাইনে থাকলে যত দেরি হোক ভোট নেওয়া শেষ না করে কেন্দ্র বন্ধ করা হবে না।"
এ নির্বাচন জাতীয় নির্বাচনের পথে একধাপ অগ্রগতি- এ মন্তব্য করে তিনি বলেন, "এ নির্বাচন থেকে আমরা শিক্ষা নেব। সব ধরনের প্রতিবন্ধকতা চিহ্নিত করে পর্যালোচনা করব। এর মাধ্যমে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের যাত্রা শুরু হয়ে গেল।"
ভোটার নম্বরের বিভ্রাটের কারণে ভোটগ্রহণে দেরি হচ্ছে বলে যে অভিযোগ আসছে, সে বিষয়ে জানতে চাওয়া হলে শামসুল হুদা বলেন, "ছবিসহ ভোটার তালিকা নির্বাচন কমিশনের (ইসি) জন্য নতুন এক অভিজ্ঞতা। ভোট নেওয়ার সময় জাতীয় পরিচয়পত্র আনার প্রয়োজন না থাকলেও অনেকে নিয়ে এসেছে। পূর্ব অভিজ্ঞতা না থাকার কারণে কোথাও কোথাও ভোট নেওয়ায় একটু দেরি হয়েছে বলে শুনেছি।"
মানিকগঞ্জে ভোটের পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করে সিইসি বলেন, "এখানে নির্বাচনের পরিবেশ দেখে আমার খুব ভালো লাগছে। ভোটার ও ভোট গ্রহণকারী কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেছি। পরিস্থিতি খুব সন্তোষজনক।"
তিনি বলেন, "শ্রীপুরে ছবিসহ ভোটার তালিকার পাইলট প্রকল্প করতে গিয়ে আমরা যেভাবে ভুল সনাক্ত করে পরে রাজশাহীতে নতুন মাত্রায় ভোটার তালিকার কাজ শুরু করেছি; একই ধারাবাহিকতায় এ নির্বাচনের ভুল পর্যালোচনা করে আগামী নির্বাচনে কীভাবে সব কাজে গতি আনা যায়- সেকর্মপরিকল্পনা নেওয়া যাবে।"
প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে এবার কম সময় থাকার কারণে বেশ কিছু শর্তে ছাড় দেওয়া হয়েছে জানিয়ে সিইসি বলেন, "আগামীতে এটা কঠোরভাবে প্রয়োগ করা হবে।"
এবার চার সিটি কর্পোরেশনে মেয়র পদে লড়ছেন মোট ৪৬ প্রার্থী। এছাড়া এসব নির্বাচনী এলাকায় কাউন্সিলর পদে ৭৫০ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১৮৭ জন নির্বাচনে অংশ নিচ্ছেন।
সিটি কর্পোরেশনের বাইরে মানিকগঞ্জ, শরীয়তপুর, চুয়াডাঙ্গা, সিলেটের গোলাপগঞ্জ, বগুড়ার দুপচাঁচিয়া, রাজশাহীর নওহাটা, গাজীপুরের শ্রীপুর, ময়মনসিংহের ফুলবাড়িয়া এবং চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একযোগে নির্বাচন হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৪৪০ ঘ.
bdnews24