ঢাকা, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পুরান ঢাকার একটি বাড়িতে রোববার মধ্যরাতে আগুনে দুই শিশুসহ ১০ জনের মৃত্যু হয়েছে।
আগা সাদেক রোডের একটি পাঁচ তলা বাড়িতে ওই অগ্নিকাণ্ড ঘটে বলে জানিয়েছেন দমকল বাহিনীর সদর দপ্তরে কর্তব্যরত কর্মকর্তা আতাউর রহমান। তবে হতাহতের সংখ্যা তিনি নিশ্চিত করতে পারেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক গোলাম মুর্ত্তজা অন্তু ঘটনাস্থলে ১০টি লাশ দেখতে পেয়েছেন, যার মধ্যে দুটি শিশু।
লাশগুলো পুড়ে এতটাই বিকৃত হয়ে গিয়েছে, যে সনাক্ত করা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।
ওই বাড়ির মালিক মৃত আবু বকর সিদ্দিকীর ছেলে শান্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অগ্নিকাণ্ডের পর থেকে আমার মা-ভাই-বোনদের কোনও খোঁজ পাচ্ছি না।"
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বাড়ির নিচতলার একটি দোকানে প্রথম আগুন লাগে। পরে তা অন্য তলাগুলোতে ছড়িয়ে পড়ে।
অগ্নিকাণ্ডের কারণ দমকল বাহিনী তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি। তবে স্থানীয় পুলিশ অভিযোগ করেছে, দমকলকর্মীরা দেরিতে পৌঁছনোয় আগুন ছড়িয়ে পড়ে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমআই/
bdnews24