২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত প্রার্থীরা

চারটি সিটি কর্পোরেশন ও নয়টি পৌরসভায় এখন চলছে শেষ মুহূর্তের প্রচারণা। আগামী সোমবার অনুষ্ঠেয় নির্বাচনের আগে শনিবার রাত ১২টা পর্যন্ত প্রচার চালানো যাবে। আর তাই ভোট চাইতে বাড়ি-বাড়ি ছুটছেন প্রার্থীরা। এর পাশাপাশি শনিবার বেশিরভাগ প্রার্থী বড় মিছিল করে নিজের অবস্থান জানান দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2008, 10:41 AM

Updated : 26 Aug 2022, 02:11 PM

ঢাকা, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চারটি সিটি কর্পোরেশন ও নয়টি পৌরসভায় এখন চলছে শেষ মুহূর্তের প্রচারণা। আগামী সোমবার অনুষ্ঠেয় নির্বাচনের আগে শনিবার রাত ১২টা পর্যন্ত প্রচার চালানো যাবে। আর তাই ভোট চাইতে বাড়ি-বাড়ি ছুটছেন প্রার্থীরা। এর পাশাপাশি শনিবার বেশিরভাগ প্রার্থী বড় মিছিল করে নিজের অবস্থান জানান দেন। ৪ আগস্ট সিলেট, রাজশাহী, খুলনা ও বরিশাল সিটি কর্পোরেশন এবং বিভিন্ন স্থানে নয়টি পৌরসভায় একযোগে নির্বাচন হবে। চার সিটি কর্পোরেশনে মেয়র পদে লড়ছেন ৪৬ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর সিলেট প্রতিনিধি জানান, সম্মিলিত নাগরিক জোট প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ হক শনিবার সকাল থেকে উপশহর, সোবহানী ঘাট, নাইওরপুল, কুমারপাড়া এলাকায় জনসংযোগ করেন। বিএনপির অপর নেতা ও নাগরিক কমিটি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আফম কামাল নগরীর চৌকিদেখিতে দুপুর ২টায় সমাবেশ করেন। এদিকে আওয়ামী লীগ সমর্থিত ও নাগরিক পরিষদের প্রার্থী সাবেক মেয়র কারাবন্দি বদরউদ্দিন আহমেদ কামরানের সমাবেশ হয় রেজিস্ট্রারি ময়দানে। কামরানের পক্ষে সকালে প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তার স্ত্রী আসমা কামরান তার স্বামীর অতীতের ভুল-ত্র"টি ক্ষমার দৃষ্টিতে দেখতে সিলেটবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আবুল মাল আব্দুল মুহিত আইন প্রয়োগে নির্বাচন কমিশনের ব্যর্থতার অভিযোগ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, "নির্বাচন কমিশন আইন ও বিধি প্রয়োগে গাফিলতি করছে। বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগ আনা হলেও কোন বিচার হয়নি। আমরা এসব গাফিলতি বা উদ্দেশ্যমূলক বিভ্রান্তি দেখে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। যে কোনও বিচারেই মনে হবে, আইন ও বিধি প্রয়োগে নির্বাচন কমিশন ব্যর্থ এবং প্রশাসন অত্যন্ত দুর্বল।" আওয়ামী লীগ নেতা বাবরুল হোসেন বাবুল, জাতীয় পার্টি নেতা এমএ মুকিত খান নগরীর বিভিন্ন এলাকায় শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত কাটিয়েছেন। এবার সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে নগরীর ২৭টি ওয়ার্ডে ১২০টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। এর মধ্যে ৬৩টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। ভোটের সময় এগিয়ে আসার সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতাও বেড়েছে। নগরীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে বিভিন্ন গাড়িতে তল্লাশিও চলছে। সিলেটে মেয়র পদে ১৫ জন, কাউন্সিলর পদে ১৯৭ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৯ জন নির্বাচনে অংশ নিচ্ছেন। মেয়র প্রার্থীরা হলেন- বদরউদ্দিন আহমেদ কামরান, বাবরুল হোসেন বাবুল, এমএ হক, আফম কামাল, আলহাজ কুনু মিয়া, আব্দুস সামাদ নজরুল, মো. আব্দুল মুকিত খান, এম কুতুব উদ্দিন আহমদ, মওলানা মো. সিরাজুল ইসলাম, অধ্যক্ষ সৈয়দ মুহিবুর রহমান, বশির আহমদ, ছালাহউদ্দিন রিমন, সৈয়দ হাবিবুর রহমান হিরণ, সৈয়দ আলী আফসার, ড. কাজী কামাল আহমদ। রাজশাহী প্রতিনিধি জানান, শেষ মুহূর্তের প্রচারে প্রার্থীরা সকাল থেকেই মহানগরীর বিভিন্ন প্রান্তে বাড়ি বাড়ি ছুটেছেন। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শনিবার বিকেলে নাগরিক কমিটি মনোনীত প্রার্থী খায়রুজ্জামান লিটনের পক্ষে চূড়ান্ত জনসমাবেশে তোফায়েল আহমেদের অংশ নেওয়ার কথা রয়েছে। বিএনপি নেতা রেজাউন নবী দুদু ও যুবলীগ নেতা মাসুদুল হক ডুলুও বিভিন্ন স্থানে প্রচারণা চালান। রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ১৫ জন, কাউন্সিলর পদে ২০৩ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৩ জন অংশ নিচ্ছেন। মেয়র প্রার্থীরা হলেন- খায়রুজ্জামান লিটন, মোসাদ্দেক হোসেন বুলবুল, রেজাউন নবী দুদু, অ্যাডভোকেট এনামুল হক, দুরুল হুদা, অ্যাডভোকেট রায়হানুর রহমান রায়হান, আকতারুজ্জামান বাবলু, রুহুল কুদ্দুস টুনু, আব্দুল মতিন খান, মাসুদুল হক ডুলু, নাসির উদ্দিন আহমেদ বিদ্যুৎ, সিদ্দিকুর রহমান, ফরমান আলী, আবুল কালাম আজাদ বাবু ও আব্দুল খালেক। খুলনা প্রতিনিধি জানান, মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা শুক্রবারই বিশাল মিছিলের মধ্য দিয়ে নিজেদের অবস্থান জানান দেন। তবে শনিবারও মিছিল-সমাবেশের কর্মসূচি রয়েছে। ১৪ দলের মনোনীত প্রার্থী আওয়ামী লীগ নেতা তালুকদার আব্দুল খালেকের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে কেন্দ্রীয় নেতারাও এসেছেন। আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক শনিবার সন্ধ্যায় তালুকদার খালেকের সমাবেশে উপস্থিত থাকবেন বলে প্রচার করা হয়েছে। এদিকে বিএনপি নেতা ও ভারপ্রাপ্ত মেয়র মনিরুজ্জামান মনিও সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকায় প্রচার চালিয়েছেন। জোর প্রচার চালাচ্ছেন সিপিবি সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট ফিরোজ আহমেদও। খুলনায় মেয়র পদে ৬ জন, কাউন্সিলর পদে ২০৫ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৪৬ জন অংশ নির্বাচনে অংশ নিচ্ছেন। মেয়র প্রার্থীরা হলেন- মো. এনায়েত আলী, তালুকদার আব্দুল খালেক, তৈয়াবুর রহমান, এম ফিরোজ আহমেদ, মো. মনিরুজ্জামান ও এসএম মোসলেম উদ্দিন আহমেদ। বরিশাল প্রতিনিধি জানান, বিএনপি থেকে বহিষ্কৃত আহসান হাবিব কামাল সকাল থেকে নগরীর রূপাতলী, আলেকান্দা, সাগরদি এলাকায় জনসংযোগে ব্যস্ত ছিলেন। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শওকত হোসেন হিরণ সোহেল চত্ত্বরে শেষ নির্বাচনী সমাবেশ করবেন বিকেলে। সকাল থেকে তিনিও দলীয় নেতাকর্মীদের নিয়ে আলেকান্দা, কাউনিয়া, নাজিরারপুল এলাকায় জনসংযোগ করেন। গণফোরাম নেতা এনায়েত পীর খানও ভোট চাইতে বিভিন্ন স্থানে যান। জেলা বিএনপির সদস্য এবায়েদুল হক চান নগরীর আমানতগঞ্জ, সদর রোড, বাজার রোড, গীর্জা মহল্লায় জনসংযোগ করেন। বরিশালে মেয়র পদে ১০ জন, কাউন্সিলর পদে ১৪৫ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৯ জন নির্বাচনে অংশ নিচ্ছেন। মেয়র প্রার্থীরা হলেন- অ্যাডভোকেট এনায়েত পীর খান, শওকত হোসেন হিরণ, আহসান হাবিব কামাল, এবায়েদুল হক চান, অ্যাডভোকেট কবির উদ্দিন হান্নু, এস শরফুদ্দিন আহম্মেদ সান্টু, আবুল কালাম আজাদ, আব্দুল্লাহ শহীদ, কামরুল ইসলাম রাসেল ও রফিকুল ইসলাম । সিটি কর্পোরেশনের পাশাপাশি নয়টি পৌরসভায়ও শেষ সময়ের প্রচারে ব্যস্ত প্রার্থীরা। সিলেটের গোলাপগঞ্জ পৌরসভায় মেয়র পদে ৭ জন, কাউন্সিলর পদে ৪৫ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১৪ জন অংশ নিচ্ছেন। শরীয়তপুর পৌরসভায় মেয়র পদে ৪ জন, কাউন্সিলর পদে ৪০ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১৩ জন নির্বাচনের অংশ নিচ্ছেন। মেয়র পদে ৬ জন, কাউন্সিলর পদে ৪৮ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভায়। রাজশাহীর নওহাটা পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৮ জন, কাউন্সিলর পদে ৪৫ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১৮ জন অংশ নিচ্ছেন। চুয়াডাঙ্গা পৌরসভায় প্রতিদ্বন্দ্বিতা করছেন মেয়র পদে ৫ জন, কাউন্সিলর পদে ৫৫ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১৩ জন। মেয়র পদে ৬ জন, কাউন্সিলর পদে ৪২ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১০ জন অংশ নিচ্ছেন গাজীপুরের শ্রীপুর পৌরসভায়। মানিকগঞ্জ পৌরসভায় মেয়র পদে ৮ জন, কাউন্সিলর পদে ৭২ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১৪ জন অংশ নিচ্ছেন। ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ১০ জন। কাউন্সিলর পদে রয়েছেন ৪৫ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১১ জন। চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভায় মেয়র পদে ৫ জন, কাউন্সিলর পদে ৩৭ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১১ জন অংশ নিচ্ছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমআই/১৬২৯ ঘ.