২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে গৃহবধূকে পিটিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার

রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে শুক্রবার এক গৃহবধূকে হত্যার অভিযোগে তার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গৃহবধূ ফারজানা আক্তারের বাবার দাবি, যৌতুকের কারণে তার মেয়েকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2008, 04:13 PM

Updated : 26 Aug 2022, 02:11 PM

ঢাকা, আগস্ট ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে শুক্রবার এক গৃহবধূকে হত্যার অভিযোগে তার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গৃহবধূ ফারজানা আক্তারের বাবার দাবি, যৌতুকের কারণে তার মেয়েকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ফারজানার স্বামী বিল্লাল হোসেন কালীগঞ্জে একটি জুতার দোকানের বিক্রয়কর্মী। গ্রামের বাড়ি ফরিদপুরে। ঢাকায় তারা জিয়ানগরে ভাড়া বাসায় থাকতেন। দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক মধুসূদন রায় জানান, পারিবারিক কলহের জের ধরে সকাল ৭টার দিকে স্বামী বিল্লাল ফারজানাকে পেটাতে থাকে। এক পর্যায়ে তলপেটে লাথি দিলে ঘটনাস্থলেই ফারজানার মৃত্যু হয়। পুলিশ সকাল ১০টার দিকে গিয়ে লাশ উদ্ধার ও বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করে। ফারজানার বাবা নুরু মিয়া বলেন, "তিন বছর আগে তাদের বিয়ের সময় আমি এক লাখ টাকা যৌতুক দেওয়ার কথা দিয়েছিলাম। বিভিন্ন সময় ভেঙে ভেঙে ৫০ হাজার টাকা জামাইকে পরিশোধ করি। বাকী ৫০ হাজার টাকার জন্য ফারজানাকে চাপ দিয়ে আসছিল বিল্লাল। এ নিয়ে গত কয়েকদিন ধরেই তাদের মধ্যে ঝগড়া চলছিল। শুক্রবার সকালে বিল্লাল আমার মেয়েকে পিটিয়ে মেরে ফেলেছে।" নুরু মিয়া দক্ষিণ কেরানীগঞ্জ থানায় বিল্লালকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/টিএইচ/এমএইচবি/২১৫৯ ঘ.