ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামিনে মুক্তির পরদিন বৃহস্পতিবার দুপুরে কয়েক হাজার নেতাকর্মীকে নিয়ে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিলেন আব্দুল মান্নান ভূঁইয়া।
দুপুর আড়াইটার দিকে নিজের নির্বাচনী এলাকা নরসিংদীর শিবপুর উপজেলা থেকে শতাধিক বাস ও মাইক্রোবাসে চড়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রায় ১০ হাজার নেতাকর্মী শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের কবর প্রাঙ্গণে এসে জড়ো হয়। মান্নান ভূঁইয়া কবরে পুষ্পস্তবক অর্পণ এবং প্রয়াত নেতার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাতে অংশ নেন।
কথিত সংস্কারপন্থীদের নেতৃত্ব দিতে গিয়ে দল থেকে বহিস্কৃত হওয়ার পর গত বছরের ৭ নভেম্বর তিনি সর্বশেষ জিয়ার কবরে ফুল দিতে গিয়েছিলেন।
এ সময় শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিছ রিকাবদার, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম মৃধা, যুবদলের সভাপতি মোফাজ্জল হোসেন সেজু, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবু,স্থানীয় চেয়ারম্যান আবু তাহের খন্দকার, তোফাজ্জল হোসেন, সাইফুল ইসলাম, মোর্শেদ খান, মতিউর রহমান প্রমুখ নেতা উপস্থিত ছিলেন।
এর আগে সকাল থেকেই মান্নান ভূূঁইয়ার গুলশানের বাসায় দলের অনেক সাবেক সাংসদ তার সঙ্গে দেখা করে কুশল বিনিময় করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এসকে/১৭৩৩ঘ.
bdnews24