রাজশাহী/সিরাজগঞ্জ, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সব দলের অংশগ্রহণে একটি নির্বাচন অনুষ্ঠানের দিকে সরকার এগিয়ে যাচ্ছে জানিয়ে প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ বলেছেন, "আগামী নির্বাচন দৃষ্টান্তমূলক হয়ে থাকবে। নির্বাচনের প্রক্রিয়া সম্পর্কে আমার মনে কোনো দ্বিধা নেই। এমন একটা নির্বাচন করব, যেটি কেবল উচ্চ মানদণ্ডেই নয়; একটা সাধারণ প্রক্রিয়া হিসেবে চালু থাকবে।"
রাজশাহী মেডিকেল কলেজ অডিটরিয়ামে বুধবার বিকেলে 'গণতান্ত্রিক উত্তরণে আঞ্চলিক পর্যায়ে জাতীয় সংলাপ' এ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এর আগে সকালে সিরাজগঞ্জের শাহজাদপুরে স্থানীয় সংলাপেওপ্রধান উপদেষ্টা গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান ও এর মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি শেষ পর্যায়ে বলে জানান।
রাজশাহীতে প্রধান উপদেষ্টা বলেন, "স্থানীয় সরকার শক্তিশালী করা ও নির্বাচন অনুষ্ঠান আমাদের লক্ষ্য। এজন্য স্থানীয় সরকার কমিশন আইন প্রণয়ন করা হয়েছে। ওই আইনের ভিত্তিতে অচিরেই একটি পূর্ণাঙ্গ স্থানীয় সরকার কমিশন করা হবে। সরকারের আওতা থেকে স্থানীয় সরকারকে আলাদা করার চেষ্টা করা হচ্ছে।"
দুর্নীতিবাজদের সঙ্গে সরকারের আপসের প্রশ্নই আসে না দাবি করে ড. ফখরুদ্দীন বলেন, শুরু থেকেই দুর্নীতির বিরুদ্ধে সরকারের বড় অবস্থান ছিল। আমরা সেই অবস্থান থেকে সরে আসিনি। আইনি কাঠামোর মধ্য দিয়ে যাচ্ছি। দূর্নীতি দমন কমিশন অনেক শক্তিশালী হয়েছে। এখন আমরা সবাই যদি দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেই, দুর্নীতি পরিহার করি এবং দুর্নীতিকে ঘৃণা করি তাহলে পরিস্থিতির দ্রুত উন্নয়ন ঘটবে।"
প্রধান উপদেষ্টা বলেন, "উপজেলা নির্বাচনের বিষয়টি নির্বাচন কমিশনের হাতে ন্যস্ত করা হয়েছে। জেলা পরিষদ আইন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আমরা যথা শিগগির তা অর্ডিন্যান্স আকারে জারি করব।"
নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার কথা স্বীকার করে তিনি বলেন, "সারাবিশ্বে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি চলছে। এ থেকে উত্তরণের জন্য একটি উপায় রয়েছে, তা হলো কৃষি উৎপাদন বাড়াতে হবে। বিদেশ থেকে আমদানি করে খাদ্য ঘাটতি পূরণ করা সম্ভব নয়। এজন্য কৃষকদের এগিয়ে আসতে হবে।"
প্রধান উপদেষ্টা সিল্কসিটি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত চালুর ঘোষণা দেন।
সংলাপের সঞ্চালক ছিলেন শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান। তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ, আনোয়ারুল ইকবাল, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম কাদের উপস্থিত ছিলেন।
শুরুতে রাজশাহী বিভাগীয় কমিশনার হাফিজুর রহমান ভূঁঞা স্বাগত বক্তব্যে রাজশাহী বিভাগের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন।
সংলাপে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক জামাত খান, মোস্তাক আহমেদ লাবু, নাটোরের অ্যাডভোকেট মামুন ইসলাম, নওগাঁর মুক্তিযোদ্ধা মনির আহম্মেদ, অ্যাডভোকেট শহীদ হাসান সিদ্দিকী চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ, চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র আতাউর রহমান, বগুড়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ওয়াজেদুর রহমান ওয়াজেদ, জয়পুরহাটের আখচাষী শাহজাহান আলী, রংপুর কারমাইকেল কলেজের সাবেক অধ্যাপক আলিম উদ্দিন, রংপুরের মহিলা পরিষদের সভানেত্রী আলমাতুন্নেসা, কুড়িগ্রামের কলেজ শিক্ষক আব্রাহাম লিংকন, গাইবান্ধার এনজিও কর্মী মনোয়ারা খাতুন, নীলফামারী চেম্বার সভাপতি সোহেল পারভেজ, সৈয়দপুর পৌর মেয়র আখতার হোসেন বাদল, লালমনিরহাট পৌর মেয়র মোশাররফ হোসেন রানা, দিনাজপুরের পৌর মেয়র শফিকুল হক, পঞ্চগড় চেম্বার সভাপতি ইকবাল ফাসির মিন্টু, মাইনরিটি সংগঠনের রাজশাহী বিভাগীয় সমন্বয়ক শংকর রঞ্জন সাহা, রাজশাহীর তানোরের আদিবাসী নেতা দুরবীন কিসকু বক্তব্য রাখেন।
সিরাজগঞ্জের শাহজাদপুরে স্থানীয় সংলাপে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান ও এর মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি শেষ পর্যায়ে বলে জানান।
তিনি বলেন, "যে লক্ষ্য নিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম, আশা করছি, তা পূরণ হবে। নির্বাচন শুধু সুষ্ঠুই হবে না, বরং তা দৃষ্টান্ত হয়ে থাকবে। গণতন্ত্রের মানোন্নয়ন হবে, সুশাসন প্রতিষ্ঠিত হবে।"
গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠানে সরকারের আন্তরিকতার কথা তুলে ধরে তিনি বলেন, "তত্ত্বাবধায়ক সরকার চায় দুটি প্রধান দলই স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশ নিক। এ জন্য আমাদের সদিচ্ছার কোনও ঘাটতি নেই।"
যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন, "গত ৩৭ বছর ধরে বিভিন্ন ধরনের সরকার এসেছে, কিন্তু কেউই বিচারের বিষয়ে কিছুই করেনি। আমরা অল্প সময়ের সরকার, বিচার পুরোপুরি করতে না পারলেও পরবর্তী যে কোনও সরকার যাতে সহজেই যুদ্ধাপরাধীদের বিচার করতে পারে; তার উপযুক্ত পরিবেশ ও ক্ষেত্র তৈরি করে যাবো। যুদ্ধাপরাধীরা নির্বাচনে আসুক- এটা এ সরকারেরও কাম্য নয়।"
দুর্নীতি ও কালো টাকার প্রভাবমুক্ত নির্বাচনী সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানিয়ে ফখরুদ্দীন আহমদ বলেন, "ভোট হলো প্রত্যেকটি মানুষের একটি একটি অস্ত্র। আর এই অস্ত্র দিয়েই স্বাধীন দেশের নাগরিকের সর্বোচ্চ অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। দুর্নীতি ও কালোটাকার প্রভাব থেকে বেরিয়ে এসে নির্বাচনী অপ সংস্কৃতির গুণগত পরিবর্তন আনতে হবে।"
তিনি বলেন, "জনগণের অংশগ্রহণ, সরকার ও নির্বাচন কমিশনের প্রচেষ্টায় ছবিসহ ভোটার তালিকা তৈরি করা হয়েছে। পৃথিবীতে আর কোনও দেশ এত বেশি ভোটারকে ছবিসহ নিবন্ধিত করতে পারেনি।"
ফখরুদ্দীন আহমদ বলেন, "নির্বাচন কমিশন নির্বাচনের বিভিন্ন আইন প্রণয়ন করেছে। স্থানীয় সরকার নির্বাচনের যে আইন প্রণয়ন করা হয়েছে, সে অনুযায়ী আগামী আগস্ট মাসে চার সিটি ও নয় পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।"
ঢাকার বাইরে সংলাপের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, "গণতন্ত্র বিকাশের অন্যতম শর্ত হল নির্বাচন অনুষ্ঠান। তবে এটিই একমাত্র শর্ত নয়। আর সংলাপের একটি উদ্দেশ্য হল নির্বাচন পরবর্তী সময়ে দেশবাসীর আশা আকাক্সক্ষাকে প্রতিষ্ঠা করা। আমরা শুধু ঢাকায় বসে সংলাপ করতে চাইনি। আপনাদের কাছে এসে আলোচনা করছি। ঢাকায় এবং ঢাকার বাইরে খোলামনে সংলাপ করছি।"
শাহজাদপুরে বিশ্বকবি রবিঠাকুরের স্মৃতি বিজরিত রবীন্দ্রকাচারী বাড়ি মিলনায়তনে অনুষ্ঠিত ওই সংলাপে জেলা ও উপজেলা পর্যায়ের শিক্ষক, মুক্তিযোদ্ধা, সমাজকর্মী, রাজনৈতিক কর্মী, সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।
আইন ও সংসদ বিষয়ক উপদেষ্টা এএফ হাসান আরিফ, যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদের, স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল এবং শিক্ষা উপদেষ্টা হোসেন জিল্লুর রহমানও সংলাপে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন হোসেন জিল্লুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/এসএনডি/এমএইচবি/২২২২ ঘ.
bdnews24