ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'বুড়িগঙ্গা আমার প্রাণ, একে আমরা বাঁচাবই' -এই শ্লোগানকে সামনে রেখে বুধবার শুরু হয়েছে ঢাকার ৪০০ বছর উদযাপন উৎসব 'ঢাকা আমার ঢাকা'।
সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রায় ৪০টি স্কুলের শিক্ষার্থীদের সমাবেশে বেলুন আর কবুতর উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন ঢাকার প্রবীণ বাসিন্দা রাবেয়া খাতুন (৯৩)।
উদ্বোধনী অনুষ্ঠানে ৪০০ বছর পূর্তি উৎসব নাগরিক কমিটির সভাপতি অধ্যাপক কবীর চৌধুরী বলেন, "এই উৎসবে ঢাকা শহরের চারশ' বছরের গৌরবের কথা বলে আমরা নিজেদের উজ্জীবিত করব। আজকের ঢাকা শহর যেসব বিপর্যয়ের সম্মুখীন, তা তুলে ধরে আগামী জীবনকে কীভাবে আরো সুন্দর করা যায় তা নিয়েও আলোচনা হবে।"
তিনি আরো বলেন, "বুড়িগঙ্গাকে মেরে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু ঢাকার প্রাণকে আমাদের বাঁচাতেই হবে।"
নাগরিক কমিটির আহ্বায়ক সাগর লোহানী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই শিশুকিশোর সমাবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হলো।"
সাগর লোহানী জানান, দুই বছরব্যাপী এ উৎসবে শিশু-কিশোররা বিভিন্নভাবে সম্পৃক্ত থাকবে। রাজধানীর প্রতিটি ওয়ার্ডে তাদের নিয়ে অনুষ্ঠান হবে। এছাড়া পুরান ঢাকার বিভিন্ন জায়গার সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেওয়া হবে।
পুরনো দিনের ঢাকা শহরের স্মৃতি রোমন্থন করতে গিয়ে রাবেয়া খাতুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগে অনেক ভাল ছিল; বাড়ি ঘর ছিল ফাঁকা ফাঁকা, আলো-বাতাস ঢুকতো। এখন সব ঘিঞ্জি।"
রোকনপুরের এই বাসিন্দা ১৯১৫ সালে ঢাকার ফরিদাবাদে জন্মগ্রহণ করেন।
অন্যান্যের মধ্যে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ জিল্লুর রহমান সিদ্দিকী, শিল্পী মুর্তজা বশীর, প্রবীণ সাংবাদিক কামাল লোহানী, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানের পর শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
বুধবার সন্ধ্যায় ঢাক বাদ্য বাজিয়ে, ফানুস উড়িয়ে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হবে। এতে ঢাকার প্রবীণ নাগরিকদের সম্মাননা দেওয়া হবে এবং ঐতিহ্যবাহী কাওয়ালি, কাসিদা ও চুটকিসহ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।
দুই বছরব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে ঢাকার ৪০০ বছরের বিভিন্ন বিষয়ের ওপর সেমিনার; পুরনো গাড়ির শোভাযাত্রা ; চিত্রকর্ম, আলোকচিত্র, পোশাক, খাবার, যাত্রা, চলচ্চিত্র ও নাটকের প্রদর্শনী; বই মেলা, সঙ্গীতানুষ্ঠান ইত্যাদি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জেকে/এসকে/১৮৪২ঘ.
bdnews24