২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটের সময় নির্বাচনী এলাকায় বৈধ অস্ত্রের ওপর নিষেধাজ্ঞা থাকবে

সিটি কর্পোরেশন ও পৌরসভা নির্বাচনের আগের দিন থেকে নির্বাচনের পরদিন পর্যন্ত নির্বাচনী এলাকায় কেউ বৈধ অস্ত্র নিয়ে চলাফেরা করতে পারবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2008, 10:41 AM

Updated : 26 Aug 2022, 02:10 PM

ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিটি কর্পোরেশন ও পৌরসভা নির্বাচনের আগের দিন থেকে নির্বাচনের পরদিন পর্যন্ত নির্বাচনী এলাকায় কেউ বৈধ অস্ত্র নিয়ে চলাফেরা করতে পারবে না। আগামী ৪ আগষ্ট দেশের চারটি সিটি কর্পোরেশন ও নয়টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। বুধবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি আদেশ জারি করে। এতে বলা হয়, "সরকার জনস্বার্থে আগামি দুই আগস্ট দিবাগত মধ্যরাত থেকে পাঁচ আগস্ট দিবাগত রাত ১২ টা পর্যন্ত লাইসেন্সধারী অস্ত্র মালিকদের সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় অস্ত্রসহ চলাফেরা করার উপর নিষেধাজ্ঞা আরোপ করল।" তবে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং বিভিন্ন সরকারি, আধাসরকারি, বেসরকারি দপ্তর, প্রতিষ্ঠান ও স্থাপনাসমূহের নিরাপত্তা প্রহরীদের ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য হবে না বলে আদেশে বলা হয়। এ আদেশ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অস্ত্র আইন ১৮৭৮ এর সংশ্লিষ্ট ধারায় ব্যবস্থা নেওয়া হবে। সিটি কর্পোরেশন চারটি হচ্ছে রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট এবং পৌরসভাগুলো হচ্ছে নওহাটা, দুপচাচিয়া, চুয়াড়াঙ্গা, শ্রীপুর, মানিকগঞ্জ, ফুলবাড়িয়া, শরীয়তপুর, গোপালগঞ্জ ও সীতাকুন্ড । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/জিএনএ/১৬৩৪ ঘ.