চট্টগ্রাম, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৩৭ বছর আগের মুক্তিযুদ্ধকালীন মুজিব নগর সরকার প্রকাশিত আটটি ডাকটিকেটের একটি স্যুভেনির সেট এবং বিশেষ ফোল্ডার প্রকাশের মধ্য দিয়ে বাংলাদেশ ডাক বিভাগ মঙ্গলবার প্রথম ডাক টিকেট দিবস পালন করেছে।
১৯৭১ সালের ২৯ জুলাই প্রবাসী মুজিব নগর সরকার আটটি ডাকটিকেটের একটি সেট অবমুক্ত করে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পক্ষে জোরালো জনমত গঠনে এই ডাক টিকেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ডাক টিকেটগুলোর মূল্যমান ছিল- ১০, ২০ ও ৫০ পয়সা এবং ১, ২, ৩, ৫ ও ১০ ভারতীয় রূপী।
ওই দিনটিকে স্মরণীয় করে রাখতে ডাক বিভাগ প্রতিবছর ২৯ জুলাই ডাকটিকেট দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে।
মঙ্গলবার সকালে চট্টগ্রাম জেনারেল পোস্ট অফিসে (জিপিও) আনুষ্ঠানিকভাবে ডাক টিকেটের স্যুভেনির ও বিশেষ ফোল্ডার অবমুক্ত করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক, টেলিযোগাযোগ ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত এম এ মালেক। এসময় ডাক বিভাগ পূর্বাঞ্চলের পোস্ট মাস্টার জেনারেল এবিএম হুমায়ুন উপস্থিত ছিলেন।
৫০ টাকা মূল্যমানের আটটি ডাকটিকেটের স্যুভেনির সেট এবং ১০ টাকা মূল্যমানের বিশেষ ফোল্ডার বাংলাদেশের যে কোন ডাকঘর থেকে সংগ্রহ করা যাবে বলে চট্টগ্রাম জিপিও'র কর্মকর্তারা জানিয়েছেন।
ডাকটিকেট অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এম এ মালেক বলেন, "অতীতের সরকারগুলো সেবামূলক ডাক বিভাগের প্রতি নজর না দেওয়ায় এর তেমন উন্নতি হয়নি। বর্তমান সরকার সেবাধর্মী এ প্রতিষ্ঠানকে গুরুত্ব দিয়ে এর উন্নয়নে বদ্ধপরিকর।"
এ জন্য সরকার ৩১ কোটি টাকা ব্যয়ে দেশের জেলা সদরে অবস্থিত ডাকঘরগুলোকে স্বয়ংক্রিয় পদ্ধতির (অটোমেশন) আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি জানান।
বিশেষ সহকারী ডাক বিভাগের সেবার মান বাড়িয়ে একে লাভজনক প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করাতে কর্মকর্তা-কর্মচারিদের প্রতি আহবান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/২০২১ ঘ.
bdnews24