ঢাকা, ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে দায়ের করা মিগ-২৯ যুদ্ধ বিমান ক্রয় দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের শুনানি অব্যাহত রয়েছে। আগামী ৩১ জুলাই শুনানির পরবর্তী দিন ঠিক করা হয়েছে।
মঙ্গলবার ঢাকা বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক গোলাম মর্তুজা মজুমদার সংসদ ভবনে স্থানান্তরিত বিশেষ এজলাসে বসে এ দিন ধার্য করেন।
এদিন অবসরপ্রাপ্ত এয়ার কমোডর মির্জা আখতার মারুফকে মামলার অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার আবেদনের ওপর শুনানি সম্পন্ন হয়েছে। এ নিয়ে শেখ হাসিনাসহ পাঁচ আসামিকে অব্যাহতি দেওয়ার শুনানি শেষ হলো।
শেখ হাসিনা ছাড়াও এর আগে সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল মুস্তাফিজুর রহমান, সাবেক বিমান বাহিনী প্রধান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল জামালউদ্দিন আহমেদ ও সাবেক প্রতিরক্ষা সচিব সৈয়দ ইউসুফ হোসেনকে অব্যাহতি দেওয়ার আবেদনের ওপর শুনানি শেষ হয়।
আগামী ৩১ জুলাই একইভাবে ইউনিক গ্র"পের মালিক ব্যবসায়ী নূর আলী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক যুগ্মসচিব মোহাম্মদ হোসেন সেরনিয়াবাতকে অব্যাহতি দেওয়ার জন্য শুনানির দিন ধার্য করা হয়েছে।
চিকিৎসার জন্য শেখ হাসিনা বিদেশ যাওয়ায় সোমবার তার পক্ষে অ্যাডভোকেট সাহারা খাতুন আদালতে হাজিরা দেন।
মামলার অন্য ছয় আসামির মধ্যে চার জন এদিন আদালতে উপস্থিত ছিলেন। ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি পাওয়ায় সাবেক সেনা প্রধান মুস্তাফিজুর রহমানও আদালতে আসেননি। তার পক্ষে হাজিরা দেন রেজাউর রহমান। এছাড়া অসুস্থ থাকায় নুর আলী আদালতে আসেননি।
সকালে আদালত শুরু হলে আসামী পক্ষের আইনজীবীরা মামলাটি বাতিলের জন্য উচ্চ আদালতে আবেদন করার কথা উল্লেখ করে শুনানি স্থগিত রাখার আবেদন করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এর বিরোধিতা করলে বিচারক আবেদনটি নাকচ করে আদালতের কার্যক্রম শুরু করেন।
বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরো ২০০১ সালের ১১ ডিসেম্বর তেজগাঁও থানায় ৮টি মিগ-২৯ যুদ্ধ বিমান ক্রয় সংক্রান্ত এ দুর্নীতির মামলাটি দায়ের করে। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাত জনকে আসামি করা হয়। এতে অভিযোগ করা হয়, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে ১৯৯৯ সালে 'অপ্রয়োজনে' এই ৮টি মিগ-২৯ বিমান কেনায় রাষ্ট্রের প্রায় ৭০০ কোটি টাকা ক্ষতি হয়েছে।
২০০৩ সালের ২৯ জানুয়ারি শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। ওই বছরই হাসিনা মামলাটি বাতিলের আবেদন জানালে হাইকোর্ট এর কার্যক্রম স্থগিত করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসকে/১৭২৪ঘ.
bdnews24