২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় ভুল চিকিৎসা দেওয়ার অভিযোগে ক্লিনিক মালিক গ্রেপ্তার

মাগুরায় অস্ত্রোপচারের পর শিশু মারা যাওয়ার ঘটনায় ভুল চিকিৎসার অভিযোগে সোমবার সকালে জমির হোসেন নামে কথিত এক চিকিৎসক ও ক্লিনিক মালিককে আটক করে পুলিশে দিয়েছেন অভিভাবকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2008, 03:34 PM

Updated : 26 Aug 2022, 02:10 PM

মাগুরা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাগুরায় অস্ত্রোপচারের পর শিশু মারা যাওয়ার ঘটনায় ভুল চিকিৎসার অভিযোগে সোমবার সকালে জমির হোসেন নামে কথিত এক চিকিৎসক ও ক্লিনিক মালিককে আটক করে পুলিশে দিয়েছেন অভিভাবকরা। শিশুর বাবা গোসাই বিশ্বাস সদর থানায় একটি হত্যা মামলা করেছেন। ভুল চিকিৎসা এবং চিকিৎসক না হয়েও অস্ত্রোপচার করার অভিযোগে বিকেলে সার্জিক্যাল ক্লিনিক নামের ওই প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ ও ভবন সিলগালা করে দিয়েছে প্রশাসন। ঘটনা তদন্তে জেলা স্বাস্থ্য বিভাগ তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে। মাগুরার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. কাজী রেজাউল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সার্জন না থাকলে কোন ক্লিনিকেই অস্ত্রোপচার করার অনুমতি নেই।" তিনি জানান, সার্জিক্যাল ক্লিনিকের এ ঘটনায় সদর হাসপাতালের সার্জারি বিভাগের ডা. সফিউর রহমানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর সদস্যরা হলেন- একই হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের ডা. গোলাম ফারুক ও আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. চিত্তরঞ্জন রায়। সাময়িকভাবে ক্লিনিকটির কার্যক্রম বন্ধ রাখার জন্য নোটিশ দেওয়া হয়েছে। বিকেলে জেলার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট শাহীনুল কবিরের নেতৃত্বে পুলিশ ক্লিনিকটি সিলগালা করে দিয়েছে বলে ডা. রেজাউল জানান। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শাখাওয়াত হোসেন মামলার হওয়ার বিষয়টি নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সদর উপজেলার সাংদা লক্ষীপুর গ্রামের গোসাই বিশ্বাসের স্ত্রী তাপসী রাণী গত ২৫ জুলাই এই ক্লিনিকে ভর্তি হন এবং একটি পুত্র সন্তানের জন্ম দেন। জন্মের পরপরই শিশুটির মলদ্বার বন্ধ থাকায় দ্রুত অপারেশনের প্রয়োজন পড়ে। গোসাই বিশ্বাস শিশুটিকে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। কিন্তু সার্জিক্যাল ক্লিনিকের মালিক জমির হোসেন তাদেরকে ফরিদপুরে যেতে না দিয়ে ৬ হাজার টাকা চুক্তিতে বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে শিশুটির অস্ত্রোপচারের দায়িত্ব নেন। কিন্তু ২৭ জুলাই দুপুরে জমির নিজেই অস্ত্রোপচার করেন। এতে শিশুটি মারাত্মক অসুস্থ হয়ে পড়ে। অভিভাবকরা তাকে আবার মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে ওই দিন সন্ধ্যায় শিশুটি মারা যায়। এ ঘটনায় গোসাই বিশ্বাস স্থানীয় লোকজনের সহায়তায় ক্লিনিক মালিককে আটক করে পুলিশে দেন এবং একটি হত্যা মামলা করেন। সার্জিক্যাল ক্লিনিকে খোঁজ নিয়ে জানা গেছে, ক্লিনিকটিতে ১০ জন রোগী রাখার অনুমতি আছে। নিয়ম অনুযায়ী অস্ত্রোপচারের জন্যে একজন সার্জন থাকার কথা থাকলেও আছেন মাত্র দুজন এমবিবিএস পাশ চিকিৎসক। তাদের সহযোগিতায় ক্লিনিক মালিক এসএসসি পাশ এবং স্থানীয় একটি ক্লিনিকের এক সময়ের ওয়ার্ডবয় জমির হোসেনই অস্ত্রোপচার করে থাকেন। সকালে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় অভিযুক্ত জমির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি দাবি করেন, তার ক্লিনিকে অতীতে এ ধরনের অপারেশন সফলভাবে তিনি করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২৬ ঘ.