ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সফররত ভারতীয় সেনাবাহিনী প্রধান জেনারেল দীপক কাপুর সোমবার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদনসহ নানা কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।
সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জেনারেল দীপক কাপুর সকালে শিখা অনির্বাণে ফুল দিয়ে একাত্তরে শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান। পরে বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল সেনাকুঞ্জে তাকে গার্ড অব অনার দেয়। ভারতীয় সেনাবাহিনী প্রধান সেখানে একটি গাছের চারা রোপণ করেন।
জেনারেল কাপুর সেনাবাহিনী প্রধান মইন উ আহমেদ, নৌ বাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল সরওয়ার জাহান নিজাম ও বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল এস এম জিয়াউর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বলেও ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/এসকে/১৭৪৩ঘ.
bdnews24