বাগেরহাট, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের মোড়েলগঞ্জে এক ব্যবসায়ীর চালের গুদাম থেকে রোববার সকালে ১০৬০ বস্তা ইউরিয়া সার উদ্ধার করেছে প্রশাসন।
অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (এডিএম) মো. মনিরুজ্জামানের নেতৃত্বে স্থানীয় থানা পুলিশের একটি দল মোড়েলগঞ্জ খেয়াঘাট এলাকায় অবস্থিত সার ডিলার ও চাল ব্যবসায়ী বিমল কৃষ্ণ রায়ের চালের গুদামে অভিযান চালিয়ে এ সব সার উদ্ধার করে।
কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে এসব সার কয়েক হাজার বস্তা চালের ভেতর লুকিয়ে রাখা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় বিকালে মোড়েলগঞ্জ উপজেলা ভূমি কর্মকর্তা মোল্লা মিজানুর রহমান ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেছেন।
এর আগে গত ২৪ জুলাই ওই ব্যবসায়ীর সারের গুদামে অভিযান চালিয়ে পুলিশ ৪৮ বস্তা ইউরিয়া সার ও ৫২ বস্তা পটাশ সার উদ্ধার করে। ওই দিন থেকে ব্যবসায়ী বিমল কৃষ্ণ রায় পলাতক রয়েছেন।
মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাজাহান সিরাজ জানান, বিমল কৃষ্ণ রায় মোড়েলগঞ্জ এলাকার বড় চাল ব্যবসায়ী এবং সার ডিলার। তার মালিকানাধীন জয়গুরু ভাণ্ডারের আওতায় গত ২৪ জুলাই পর্যন্ত কাগজপত্রে ১৮৪০ বস্তা সার উত্তোলন করা হয়েছে। কিন্তু তার গুদামে তল্লাশি চালিয়ে পাওয়া গেছে ২৯০০ বস্তা সার।
মোড়েলগঞ্জ উপজেলা ভূমি কর্মকর্তা মোল্লা মিজানুর রহমান জানান, স্থানীয় কৃষি কর্মকর্তা সার ডিলার বিমল কৃষ্ণ রায়কে ১৮৪০ বস্তা ইউরিয়া সারের বরাদ্দ দেন। কিন্তু তিনি এ সব সার যথা সময়ে কৃষকদের মাঝে বিতরণ না করে কালো বাজারে বিক্রির জন্য গোপনে মজুদ করেন।
রোববার সকালে বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. মনিরুজ্জামানের উপস্থিতিতে তার চালের গুদামে অভিযান চালিয়ে অতিরিক্ত ১০৬০ বস্তা সার পাওয়া যায়।
তিনি জানান, এদিন বিকেলে মোড়েলগঞ্জ উপজেলা মৎস্য কার্যালয় জানিয়েছে মে মাসে তারা ওই ডিলারকে ৩০ মেট্রিক টন বা ৪৬০ বস্তা সার সরবরাহ করেছেন। মে মাস থেকে এ পর্যন্ত সময়ে ওই সার অবিক্রিত থাকার কথা নয়। যদি অবিক্রিত থাকে তবে ওই গুদাম থেকে উদ্ধারকৃত সারের মধ্যে সেগুলো থাকতে পারে। সে হিসেবে বৈধ কাগজপত্র ছাড়া সারের পরিমাণ দাঁড়াবে ৬০০ বস্তা। তবে এ বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য ডিলারের কোন লোককে পাওয়া যায়নি।
২৪ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ব্যবসায়ীর বিমল কৃষ্ণের সারের গুদাম থেকে ১০০ বস্তা সার উদ্ধার করেছিল। তখন তার তিন ভাই বিপুল রায়, নকুল রায় ও শিশির রায়কে গ্রেপ্তার করা হয়।
এই ঘটনায় উপজেলা কৃষি কর্মকর্তা এবং সার বিপণন ও বিতরণ ব্যবস্থাপনা কমিটির সদস্য অরবিন্দু বিশ্বাস, বিমল কৃষ্ণ রায় ও তার তিন ভাইয়ের বিরুদ্ধে মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২৭ ঘ.
bdnews24