২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাথমিক শিক্ষায় অগ্রগতি গাণিতিক: টিআইবি

দেশে প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে সংখ্যাগত অগ্রগতি হলেও মান এখনো সন্তোষজনক নয় বলে মনে করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। কাক্সিক্ষত মান অর্জন না হওয়ার জন্য প্রশাসন ও ব্যবস্থাপনার দুর্বলতাকে দায়ী করছে সংস্থাটি। রোববার টিআইবি প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সেগুলো সমাধানে ৩২টি সুপারিশ করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2008, 01:53 PM

Updated : 26 Aug 2022, 02:10 PM

ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে সংখ্যাগত অগ্রগতি হলেও মান এখনো সন্তোষজনক নয় বলে মনে করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। কাক্সিক্ষত মান অর্জন না হওয়ার জন্য প্রশাসন ও ব্যবস্থাপনার দুর্বলতাকে দায়ী করছে সংস্থাটি। রোববার টিআইবি প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সেগুলো সমাধানে ৩২টি সুপারিশ করা হয়। রাজধানীর সিরডাপ মিলনায়তনে 'প্রাথমিক শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনা: সমস্যা ও প্রতিকারের উপায়' শিরোনামের প্রতিবেদনটি উপস্থাপন করেন টিআইবি'র গবেষণা কর্মকর্তা শহিদুল ইসলাম। এতে বলা হয়, প্রাথমিক স্তরে ভর্তি হওয়া শিক্ষার্থীদের প্রায় অর্ধেক (৪৮শতাংশ) প্রাথমিক শিক্ষা শেষ করার আগেই ঝরে পড়ছে। এছাড়া, অনেক শিক্ষার্থী বিভিন্ন সুযোগ-সুবিধার আশায় প্রাথমিক বিদ্যালয় ছেড়ে এনজিও পরিচালিত স্কুল বা মাদ্রাসায় চলে যাচ্ছে। মাদ্রাসা শিক্ষা সহজ হওয়ায় অনেক ছেলে-মেয়ে সাধারণ শিক্ষা ছেড়ে মাদ্রাসায় ভর্তি হচ্ছে উল্লেখ করে প্রতিবিদনে বলা হয়, '১৯৯৬ সালের তুলনায় ২০০৫ সালে মাদ্রাসা শিক্ষার ইবতেদায়ি শাখায় শিক্ষার্থী সংখ্যা বেড়েছে ৬৬ দশমিক ৮৭ শতাংশ; বিপরীতে সাধারণ শিক্ষায় শিক্ষার্থী হ্রাস পেয়েছে ৭ দশমিক ৭১ শতাংশ।' শিক্ষার্থী ঝরে পড়ার অন্যতম কারণ হিসেবে টিআইবি বলছে, অনেকে উপবৃত্তি পাওয়ার আশায় প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়, কিন্তু পরে বৃত্তির আওতায় আসতে না পেরে বিদ্যালয় ছেড়ে যায়। প্রাথমিক শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনায় সমস্যার প্রকৃতি চিহ্নিত করতে গিয়ে শিক্ষকদের সমস্যা ও প্রশাসনের কর্মকর্তাদের সমস্যা নিয়ে আলাদা আলোচনা করা হয় গবেষণা প্রতিবেদনে। শিক্ষক নিয়োগের অনিয়ম প্রসঙ্গে প্রতিবেদনে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে আর্থিক দুর্নীতি এখন প্রায় বন্ধ, কিন্তু পছন্দের বিদ্যালয়ে বদলি হতে ঘুষ লেনদেন অব্যাহত হয়েছে। বেসরকারি রেজিস্টার্ড বিদ্যালয়ে অনুদানের নামে আর্থিক অনিয়মের অভিযোগ তুলে টিআইবি বলছে, বিদ্যালয় উন্নয়নের কথা বলে শিক্ষক নিয়োগের সময় ২০ থেকে ৪০ হাজার টাকা করে অনুদান নেওয়া হয়। কিন্তু নিয়োগ প্রক্রিয়ায় জড়িতরা অনেক সময় এ টাকা ভাগ করে নেন। ফলে অনেক সময় কমযোগ্যতার প্রার্থী নিয়োগ পেয়ে যান। ঘুষ ও তদবির ছাড়া শিক্ষকরা এমপিও (মাসিক সরকারি টাকা) সুবিধা পান না বলেও অভিযোগ করেছে টিআইবি। তিনটি ঘটনার উদাহরণ দিয়ে বলা হয়েছে, একটি ক্ষেত্রে ২৫ হাজার টাকা এবং অন্যটিতে ৩৫ হাজার ৫০০ টাকা ঘুষ দিতে হয়েছিল। বাকিটিতে ঘুষ প্রয়োজন পড়েনি উচ্চ পর্যায়ের সুপারিশের কারণে। বেসরকারি বিদ্যালয় প্রতিষ্ঠা ও নিবন্ধনের ক্ষেত্রেও ঘুষ লেনদেনের অভিযোগ তোলা হয় গবেষনা প্রতিবেদনে। প্রাথমিক পর্যায়ে মানসম্পন্ন শিক্ষাদানের ক্ষেত্রে শিক্ষকদের কম বেতন-ভাতাকে একটি বড় প্রতিবন্ধক মনে করছে টিআইবি। তাদের প্রতিবেদনে বলা হয়, বেতন-ভাতার স্বল্পতার কারণে অনেক শিক্ষক বাধ্য হয়ে অন্য কোনো আয়মূলক কাজে নিজেকে জড়িত করছেন। এছাড়া, উচ্চ শিক্ষিতরা সুযোগ পেলে এ পেশা ছেড়ে দিচ্ছেন। শিক্ষক প্রশিক্ষণে দুনীর্তির চিত্র তুলে ধরে প্রতিবেদনে বলা হয়, পিটিআই প্রশিক্ষণের সময় বিভিন্ন কারণ দেখিয়ে প্রশিক্ষণার্থীদের কাছ থেকে নিয়ম বহির্ভূতভাবে এক হাজার থেকে দেড় হাজার টাকা চাঁদা নেওয়া হয়ে থাকে। অবসরের পর শিক্ষকদের প্রভিডেন্ট ফান্ড, পেনশন ও অন্যান্য পাওয়া বুঝে পেতে ঘুষ দেওয়ারও প্রমাণ রয়েছে প্রতিবেদনে। এতে বলা হয়, দেশের ৭৩ শতাংশ সরকারি এবং ৭০ শতাংশ রেজিস্টার্ড বিদ্যালয়ের শিক্ষকদের বিষয়ভিত্তিক প্রশিক্ষণ নেই। প্রতিটি বিদ্যালয়ে গড়ে চারজন শিক্ষক থাকার কথা থাকলেও ছুটি ও পিটিআই প্রশিক্ষণের কারণে গ্রামের অনেক বিদ্যালয়ই এক বা দুজন শিক্ষক দিয়ে পরিচালিত হচ্ছে। প্রাথমিক পর্যায়ে শিক্ষা ক্ষেত্রে অন্যান্য সমস্যার মধ্যে শ্রেণীকক্ষের ধারণ ক্ষমতার তুলনায় বেশি শিক্ষার্থী, বিদ্যালয় পরিচালনায় অর্থ স্বল্পতা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে শিক্ষকদের হয়রানি, শিক্ষকদের ওপর মাত্রাতিরিক্ত চাপ, শিক্ষা প্রশাসনের কর্মকর্তাদের দায়িত্ব পালনে অনিয়ম, বিদ্যালয় পরিচালনা পর্ষদের নিষ্ক্রিয়তাকেও চিহ্নিত করেছে টিআইবি। উপবৃত্তি বিতরণসহ বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম ও দুনীর্তির চিত্র তুলে ধরে প্রতিবেদনে বলা হয়, স্থানীয় চাপ ও স্বজনপ্রীতির কারণে উপযুক্ত নয় এমন শিক্ষার্থীদেরও উপবৃত্তি দেওয়া হয়ে থাকে। কোথাও কোথাও উপবৃত্তি দিতে আসা কর্মকর্তাদের আপ্যায়ন ও যাতায়াত খরচের কথা বলে টাকা নেওয়া হয় শিক্ষার্থীদের কাছ থেকে। প্রাথমিক শিক্ষাকে কার্যকর ও গতিশীল করতে ৩২টি সুপারিশ করা হয় টিআইবি'র প্রতিবেদনে। এসব সুপারিশের মধ্যে আছে- বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ ও প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তোলা, ইউনিয়নভিত্তিক কোটার মাধ্যমে শিক্ষক নিয়োগের ব্যবস্থা করা, বেতনকাঠামো যুগোপযোগী করা, সরকারি-রেজিস্টার্ড-কমিউনিটি বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে বেতন ব্যবধান কমিয়ে আনা, নিবন্ধন পরীক্ষার মাধ্যমে শিক্ষক বাছাইয়ের ব্যবস্থা করা, শূন্য পদ পূরণ ও জাতীয় বাজেটে এ খাতের জন্য বরাদ্দ বৃদ্ধি। প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা সচিব মুহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইয়া ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যার সঙ্গে দ্বিমত পোষণ করেন। তিনি বলেন, "অনেক শিক্ষার্থী সাধারণ স্কুল থেকে মাদ্রাসা বা অন্যধরনের শিক্ষায় চলে যায়। এ কারণে এক ঝরে পড়া ভেবে নেওয়া ঠিক হবে না।" টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোজাফ্ফর আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. নজরুল ইসলাম খান, শিক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মনিরুজ্জামান মিঞা, সাবেক উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান, টিআইবি'র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/এসএনডি/এমএইচবি/১৯৪২ ঘ.