ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল দীপক কাপুর ছয় দিনের সফরে রোববার ঢাকা এসেছেন।
দুপুর সাড়ে ৩টার দিকে একটি বিশেষ বিমানে তিনি জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তার সঙ্গে রয়েছেন স্ত্রী কৃতি কাপুর ও চার সদস্যের ভারতীয় সামরিক প্রতিনিধি দল।
সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ গত ফেব্র"য়ারিতে ভারত সফর করেন। ওই সময় তিনি দীপক কাপুরকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন।
জিয়া বিমানবন্দর ইমিগ্রেশন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকনুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর সাড়ে ৩টার দিকে ভারতের সেনাপ্রধান বিমানবন্দরে নামেন।
ঢাকায় ভারতীয় হাইকমিশনের প্রথম সচিব (পিআইসি) দীপক মিত্তাল টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জেনারেল দীপক কাপুর সফর শেষে আগামী ১ আগস্ট দেশে (ভারত) ফিরবেন।"
আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগের (আইএসপিআর) এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জেনারেল দীপক কাপুর ঢাকা পৌঁছার পর রাতে সেনাকুঞ্জে সেনাপ্রধান জেনারেল মইন উ আহমদের দেওয়া একটি নৈশভোজে অংশ নেবেন। এর আগে সেনাকুঞ্জে ভারতের সেনাপ্রধানকে গার্ড অব অর্নার দেওয়া হবে। ওই সময় শিখা অনির্বাণে ফুল দেবেন তিনি।
আইএসপিআরের ওই কর্মকর্তা জানান, সফরকালে ভারতীয় সেনাপ্রধান রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক ইয়াজউদ্দিন আহম্মেদের সঙ্গে দেখা করবেন। এছাড়া নৌ ও বিমানবাহিনী প্রধানের সঙ্গেও বৈঠক করবেন তিনি।
ছয় দিনের সফরসূচিতে জেনারেল দীপক মিরপুরে ন্যাশনাল ডিফেন্স কলেজ পরিদর্শন করবেন। সোমবার রাতে ভারতীয় হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তীর দেওয়া নৈশভোজে অংশ নেবেন তিনি।
এছাড়া তিনি কুমিল্লায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সৈনিকদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানাবেন এবং চট্টগ্রামের ভাটিয়ারিতে মিলিটারি একাডেমি পরিদর্শন করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/আরএ/এমআই/১৬১২ ঘ.
bdnews24