২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবান ও গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

বান্দরবান ও গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে বান্দরবান সদর উপজেলায় শুক্রবার সকালে ইট বোঝাই একটি ট্রাক উল্টে মারা গেছেন একজন। আহত হয়েছেন আরও পাঁচজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2008, 11:32 AM

Updated : 26 Aug 2022, 02:09 PM

ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বান্দরবান ও গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে বান্দরবান সদর উপজেলায় শুক্রবার সকালে ইট বোঝাই একটি ট্রাক উল্টে মারা গেছেন একজন। আহত হয়েছেন আরও পাঁচজন। গোপালগঞ্জে শুক্রবার ও বৃহস্পতিবার পৃথক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন দুজন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর: বান্দরবান: সদর উপজেলার খানসামা থেকে ইট নিয়ে বান্দর সদরে আসার পথে ট্রাকটি উল্টে যায়। এতে নিহত হয়েছেন মো. ইসমাইল নামে এক ব্যক্তি। বান্দরবানের সহকারী পুলিশ সুপার আবদুল কাইয়ুম সিকদার ঘটনাস্থল থেকে ফিরে জানান, আহতদের বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন- ট্রাক চালক হারুন, ওসমান গণি, শ্রমিক মোফাজ্জল, উবাচিং ও মংচিং মারমা। দমকল বাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবিরও ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে তিনি জানান। গোপালগঞ্জ: কাশিয়ানী উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কে শুক্রবার দুপুর ও বৃহস্পতিবার রাতে পৃথক সড়ক দূর্ঘটনায় ট্যাক্সি ক্যাব চালকসহ দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর তিনজন। নিহতরা হলেন- ট্যাক্সি ক্যাব চালক আরিফ শেখ (২৮), হাজেরা খাতুন (৭৮)। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আহম্মদ জানান, মাওয়া ফেরী ঘাট থেকে গোপালগঞ্জ যাওয়ার পথে ট্যাক্সির ক্যাবের (নং-ঢাকা মেট্রো-ক-৩-৩৯২৮) সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের (নং- ঢাকা-মেট্রো- ম- ৫১-১৫০১) মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে গাড়ি দুটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটস্থলে মারা যান ক্যাব চালক। দূর্ঘটনায় ট্যাক্সির দুই যাত্রী ও কার্ভার্ড ভ্যানের চালক গুরুতর আহত হয়েছেন। তাদের কাশিয়ানী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ট্যাক্সির দুই যাত্রী হলেন- ইউসুফ (৪০) ও ইয়াকুব (৪৫)। এরা সদর উপজেলার ভবানীপুর গ্রামের আবুল খায়ের মিয়ার ছেলে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে একই মহাসড়কের ধূসড় ব্রিজের কাছে নছিমন চাপায় হাজেরা খাতুন (৭৮) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। তিনি পায়ে হেটে রাস্তা পার হচ্ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭১১ ঘ.