২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে

শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তের পিরোজপুর গ্রামে বিডিআর ও বিএসএফ এর গুলি বিনিময়ের ঘটনার একদিন পর বৃহস্পতিবার পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2008, 02:54 PM

Updated : 26 Aug 2022, 02:09 PM

চাঁপাইনবাবগঞ্জ, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তের পিরোজপুর গ্রামে বিডিআর ও বিএসএফ এর গুলি বিনিময়ের ঘটনার একদিন পর বৃহস্পতিবার পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে। সোনা মসজিদ স্থল বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রমও আবার শুরু হয়েছে। বুধবার গোলাগুলির ঘটনায় বন্দর দিয়ে আমদানি-রপ্তানি সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। তবে পিরোজপুর গ্রামের লোকজন জানান ,প্রচন্ড আতংক ও ভয়ের মধ্যে দিয়ে তাদের একটি রাত কাটাতে হয়েছে। অবশ্য আর কোন অপ্রীতিকার ঘটনা ঘটেনি। গ্রামের বাসিন্দা মো. আলাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লোকজনের মধ্যে এখনও আতঙ্ক বিরাজ করছে। চাঁপাইনবাবগঞ্জের ৩৯ রাইফেলস ব্যাটেলিয়নের কর্মকর্তা মেজর সৈয়দ আবু হাসান বলেন, সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে। ক্রমশ পরিস্থিতির উন্নতি হচ্ছে। বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান সোনা মসজিদ-পানামা পোর্টলিংক লিমিটেড এর উপব্যবস্থাপক বেলাল হোসেন জানান, সকাল সাড়ে ১০টা থেকে আমদানি ও রপ্তানির কাজ শুরু হয়েছে। প্রতিদিনের মত আজও (বৃহস্পতিবার) সকালে দুই দেশের আমদানি-রপ্তানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টরা শূন্য রেখায় দেখা করেছেন। বিকেল ৪ টা পর্যন্ত প্রায় পণ্যবাহী ২০০ ভারতীয় ট্রাক বন্দরে প্রবেশ করেছে। বুধবার সকালে শিবগঞ্জ সীমান্তে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী-বিডিআর ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এক সপ্তাহ আগে শিবগঞ্জ সীমান্তে দুই বিডিআর সদস্যকে গুলি চালিয়ে হত্যা করে বিএসএফ। তার পর থেকেই চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। গোলাগুলির পর চাকপাড়া সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কাছের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যায়। সোনা মসজিদ থেকে ৩ কিলোমিটার দূরে শিবগঞ্জ উপজেলার কয়লাবাড়ীতে সোনা মসজিদ বন্দরে প্রবেশের অপেক্ষায় আটকা পড়েছিল প্রায় ৩ শতাধিক বাংলাদেশি গাড়ি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৫০ ঘ.