নাটোর, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মামলা করে দুর্নীতি কমানো যাবে না বলে মনে করেন দুর্নীতি দমন কমিশন-দুদকের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী।
তিনি বলেন, "দুর্নীতি সংক্রান্ত এ পর্যন্ত যতগুলো মামলা হয়েছে তা নিষ্পত্তি করতে অন্তত দু বছর সময় লাগবে। মামলা করে বাংলাদেশে দুর্নীতি কমানো যাবে না। কারণ যেখানে মনোপলি আছে, সেখানেই দুর্নীতি রয়েছে। জবাবদিহিতা না থাকা দুর্নীতি প্রসারের অন্যতম কারণ।"
গতকাল বৃহষ্পতিবার বিকেলে নাটোর নবাব সিরাজ উদ দৌলা সরকারি কলেজ মিলনায়তনে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে 'দুর্নীতি প্রতিরোধে প্রাতিষ্ঠানিক উদ্যোগ গ্রহণ' শীর্ষক এক মতবিনিময় সভায় দুদকের চেয়ারম্যান এসব কথা বলেন।
তিনি বলেন, "দুর্নীতি রোধের ক্ষেত্রে বেশি প্রয়োজন সামাজিক সচেতনতা ও আত্মমর্যাদা বৃদ্ধি। দুর্নীতি কমানোর জন্য মোটিভেশন চালিয়ে যেতে হবে। দেরিতে হলেও আমরা এর সুফল পাবো।"
দুদক চেয়ারম্যান বলেন, "বিভিন্ন দপ্তরের প্রধানরা যদি নিশ্চিত করে বলেন- আমি দুর্নীতি করি না, তাহলে অধীনস্থদের দুর্নীতি রোধ করা যাবে।"
ট্রান্সফারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর গত বছরের প্রতিবেদন তুলে ধরে তিনি বলেন, "বিভিন্ন অফিস আদালতে দুর্নীতি কিছুটা কমলেও সেবা খাতে দুর্নীতি কমেনি।"
সেবা খাতগুলোতে জবাবদিহিতা বাড়ানোর ব্যাপারে তিনি গুরুত্বারোপ করেন।
হাসান মশহুদ চৌধুরী বলেন, "দেশের সাধারণ মানুষ অনিয়ম-দুর্নীতি পছন্দ করে না-এ কথা মনেপ্রাণে বিশ্বাস করে নিজেদের সংশোধন করা উচিত। বিবেককে জাগ্রত করতে পারলে বর্তমান ধারার পরিবর্তন করা সম্ভব। এ লক্ষ্যে পৌঁছাতে আমাদের অগ্রযাত্রা অব্যাহত থাকবে।"
তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান।
নাটোর জেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এস এম এহসান কবীর। এতে জেলা প্রশাসনের বিভিন্ন বিভাগ ও পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দুদক চেয়ারম্যানের দুর্নীতি কমানোর আহ্বানে সাড়া দিয়ে জেলা পশুসম্পদ কর্মকর্তা আনিসুল ইসলাম, নাটোর সরকারি এন এস কলেজের অধ্যক্ষ মঈনুদ্দিন আহমেদ, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক, বিদ্যুৎ সরবরাহ বিভাগের প্রকৌশলী শহিদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক সাখাওয়াত হোসেন, সিভিল সার্জন ডা.হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল সালাম ও ভারপ্রাপ্ত পুলিশ সুপার আশিক সাঈদ নিজে এবং তাদের কার্যালয়ে সব ধরনের ঘুষ দুর্নীতি প্রতিরোধের ঘোষণা দেন।
জেলা প্রশাসক এস এম এহসান কবীর তাঁর স্বাগত ও সমাপনী বক্তব্যে নাটোরকে দুর্নীতি মুক্ত করতে তিনি নিজে সচেষ্ট থাকবেন এবং অন্যদের দুর্নীতি থেকে দুরে থাকতে অনুপ্রাণিত করবেন বলে আশ্বাস দেন।
এর আগে দুদক চেয়ারম্যান নাটোর সার্কিট হাউজে জেলা ও উপজেলা পর্যায়ের দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতাদের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে জেলা ও উপজেলা পর্যায়ের কমিটিগুলোকে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়নের জন্য আর্থিক অনুদান দেওয়ার আশ্বাস দেন তিনি। প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ তাকে জানান, লিফলেট বিতরণ ও শিক্ষার্থীদের মাঝে আলোচনা সভা করে দুর্নীতিবিরোধী মনোভাব গড়তে তারা কাজ করে যাচ্ছেন।
বৃহস্পতিবার দুপুরে রাজশাহী কলেজ মিলনায়তনে 'দুর্নীতিবিরোধী অভিযান' শীর্ষক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্ক প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন হাসান মশহুদ চৌধুরী।
চলমান দুর্নীতিবিরোধী অভিযান আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, "দেশে এখনও দুর্নীতি কমেনি। আগামীতে যাতে সমাজে দূর্নীতি না থাকে সেজন্য সবাইকে এগিয়ে আসতে হবে।"
দুদক চেয়ারম্যান বলেন, "আগামী দিনের বংলাদেশ যেন অতীতের দুর্নীতিগ্রস্ত বাংলাদেশ না হয় সে ব্যাপারে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। আর এজন্য সবার সহযোগিতা দরকার।"
নতুন প্রজন্ম- বিশেষ করে তরুণ সমাজ, যারা দুর্নীতির বিরুদ্ধে সজাগ রয়েছে তাদের উৎসাহিত করারও আহবান জানান তিনি।
হাসান মশহুদ তরুণদের উদ্ধেশ্যে বলেন, "দূর্নীতি করবেন না বলে যখন আপনারা (তরুণরা) অঙ্গীকার করেন এবং দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন, তখন আমরা সামনের দিকে এগিয়ে গিয়ে দুর্নীতিমুক্ত দেশ গড়ার ব্যাপারে সাহস পাই।"
অনুষ্ঠানের শুরুতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বুকে হাত রেখে উপস্থিত সবাইকে দুর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ করান। এরপর প্রতিযোগিতায় বিজয়ী ২০জনের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. আলী রেজা মুহম্মদ আব্দুল মজিদ।
কলেজ অধ্যক্ষকে উপহার হিসেবে দুদকের একটি ক্রেস্ট দেন হাসান মশহুদ চৌধুরী। কলেজের পক্ষ থেকে দুদক চেয়ারম্যানকেও একটি ক্রেস্ট উপহার দেওয়া হয়।
এর আগে সকাল ৯টার দিকে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে 'দুর্নীতি প্রতিরোধে প্রাতিষ্ঠানিক উদ্যোগ' বিষয়ক মতবিনিময় সভায় যোগ দেন দুদক চেয়ারম্যান।
রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- রাজশাহী বিভাগীয় কমিশনার হাফিজুর রহমান ভূইয়া, জেলা প্রশাসক ইব্রাহীম খলীল এবং পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ওবায়দুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টি ডটকম/প্রতিনিধি/এমএসবি/এমএইচবি/২০১১ ঘ.
bdnews24