২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনে জরুরি অবস্থা বাড়তি সুবিধা দেবে: আইজি

পুলিশের মহাপরিদর্শক (আইজি) নূর মোহাম্মদ বৃহস্পতিবার বলেছেন, নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে জরুরি অবস্থা বাড়তি সুবিধা দেবে। সিটি ও পৌর নির্বাচন অনুষ্ঠানের জন্য পুলিশ প্রয়োজনীয় নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন করেছে বলেও জানিয়েছেন আইজি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2008, 01:07 PM

Updated : 26 Aug 2022, 02:09 PM

ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের মহাপরিদর্শক (আইজি) নূর মোহাম্মদ বৃহস্পতিবার বলেছেন, নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে জরুরি অবস্থা বাড়তি সুবিধা দেবে। সিটি ও পৌর নির্বাচন অনুষ্ঠানের জন্য পুলিশ প্রয়োজনীয় নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন করেছে বলেও জানিয়েছেন আইজি। বৃহস্পতিবার দুপুরে পুলিশ সদর দপ্তরে 'স্থানীয় সরকার নির্বাচন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি' শীর্ষক এক সংবাদ ব্রিফিংয়ে পুলিশের শীর্ষ কর্মকর্তা এ কথা বলেন। এর আগে নির্বাচনী এলাকাগুলোর ঊর্ধ্বতন পুলিশ ও র‌্যাব কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন নূর মোহাম্মদ। মহাপরিদর্শক বলেন, "নির্বাচনে এমন অনেকে প্রার্থী হয়েছেন, যাদের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ বা মামলা রয়েছে। কিন্তু সাজাপ্রাপ্ত না হওয়ায় আইনি প্রক্রিয়ায় তাদের বিরুদ্ধে কিছু করার নেই।" এক্ষেত্রে 'খারাপকে খারাপ, ভালকে ভাল' হিসেবে প্রচার করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি। স্থানীয় নির্বাচনকে সামনে রেখে পুলিশের নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও নূর মোহাম্মদ জানান। দেশে প্রথম জরুরি অবস্থার মধ্যে নির্বাচন হওয়ার বিষয়টিকে পুলিশ কীভাবে দেখছে- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, "আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে জরুরি অবস্থা অ্যাডভানটেজ (বাড়তি সুবিধা) দেবে।" মহাপরিদর্শক জানান, খুলনা, রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনে মোট ৫৮৭টি ভোট কেন্দ্রের মধ্যে ৩৬৯টিকে 'ঝূঁকিপূর্ণ' হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া মানিকগঞ্জ, শ্রীপুর, ফুলবাড়িয়া, শরীয়তপুর,সীতাকুণ্ড, নওহাটা, দুপচাঁচিয়া, চুয়াডাঙা ও গোপালগঞ্জ পৌর এলাকার ১৪১টি ভোটকেন্দ্রের মধ্যে ৬৫টি 'ঝুঁকিপূর্ণ'। এসব নির্বাচনী এলাকার আইন-শৃঙ্খলা নিশ্চিত করতে নির্বাচনের আগে, নির্বাচনের দিন ও নির্বাচনের পরে- এই তিনভাগে নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামী ২৭ জুলাই থেকে পুলিশের বিশেষ কার্যক্রম শুরু হবে এবং তা ৭ আগস্ট পর্যন্ত চলবে। বিশেষ কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চলবে। এছাড়া নিয়মিত টহল বাড়ানো এবং তালিকাভুক্ত সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান জোরদার করা হবে। মহাপরিদর্শক জানান, পুলিশ ও র‌্যাব ছাড়াও যৌথবাহিনী এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা নির্বাচনী এলাকাগুলোতে কাজ করবে। অন্যান্যের মধ্যে অতিরিক্ত মহাপরিদর্শক সৈয়দ শাহ জামাল রাজ, র‌্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার, ঢাকা মহানগর পুলিশ কমিশনার নাইম আহমেদ ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/এসকে/১৯০২ঘ. ,