খুলনা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে খুলনা সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী মো. মনিরুজ্জামান মনির বিরুদ্ধে বুধবার খানজাহান আলী থানায় দুটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। এছাড়া ১৪ জন কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ পেয়েছে নির্বাচন কমিশন।
খুলনা নির্বাচন কমিশন কার্যালয়ের সহকারী রিটার্নিং অফিসার মো. মুজিবর রহমান জানান, অভিযুক্ত প্রার্থীদের কাউকে কাউকে মৌখিকভাবে সাবধান করা হয়েছে। আচরণবিধি লঙ্ঘনের এসব অভিযোগ ঢাকা কার্যলয়কেও জানানো হয়েছে।
খানজাহান আলী থানার উপ পরিদর্শক প্রীতম সরকার জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মেয়র পদের প্রার্থী খুলনা মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির বিরুদ্ধে দুপুরে দুটি সাধারণ ডায়েরি হয়েছে। এর মধ্যে একটি করেন সম্মিলিত নাগরিক কমিটির ফুলবাড়িগেট শাখার সভাপতি বেগ লিয়াকত আলী, অন্যটি পুলিশ।
বেগ লিয়াকত আলী তার ডায়েরিতে অভিযোগ করেন, মনিরুজ্জামান মনি বুধবার সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ফুলবাড়ি গেট বিদ্যুৎ কেন্দ্রের সামনের সড়কে মাইক ব্যবহার করে বক্তৃতা করেন। খানজাহান আলী থানা বিএনপির সভাপতি মীর কায়ছেদ আলী ও সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেনও সেখানে বক্তৃতা করেন।
ঘটনাটি তাৎক্ষণিকভাবে কেএমপি কমিশনার, খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও নগর গোয়েন্দা শাখার পরিদর্শককে অবহিত করা হয়েছে বলে জিডিতে উল্লেখ করেন বেগ লিয়াকত আলী।
উপ পরিদর্শক প্রীতম জানান, লিয়াকতের অভিযোগের পরিপ্রেক্ষিতে বেলা ১টার দিকে ঘটনাস্থলে গিয়ে পুলিশ একটি মাইক জব্দ করে। পরে এ ব্যাপারে থানায় আরেকটি জিডি করা হয়।
মনিরুজ্জামান মনির প্রধান নির্বাচনী এজেন্ট মো. আবু জাফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নির্বাচনী কার্যালয় উদ্বোধনের সময় ফুলবাড়িগেট এলাকায় কিছু উৎসাহী সমর্থক মাইক ব্যবহার করে। তারা নির্বাচন আচারণবিধি সম্পর্কে জানতেন না। এ ঘটনার জন্য আমরা দুঃখিত।"
এদিকে সহকারী রিটার্নিং অফিসার মো. মুজিবর রহমান জানান, এ পর্যন্ত ১৪ জন কাউন্সিলর পদপ্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে। এসব প্রার্থীর ছবিসহ একাধিক পোস্টার বিভিন্ন দোকান ও দেওয়ালে পাওয়া গেছে। কমিশন তাৎক্ষণিকভাবে ওইসব পোস্টার ছিড়ে ফেলে প্রার্থীদের ডেকে মৌখিকভাবে সাবধান করে দিয়েছে।
আচরণবিধি লঙ্ঘনের এসব অভিযোগ ঢাকার কমিশন কার্যালয়কেও জানানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/জেকে/২১৫৫ ঘ.
bdnews24