২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

একটি হত্যা মামলায় চার সহোদরসহ ১০ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত। একইসঙ্গে প্রত্যেকের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অর্থ দিতে ব্যর্থ হলে তাদের আরও এক বছর করে কারাভোগ করতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2008, 09:32 AM

Updated : 26 Aug 2022, 02:08 PM

চট্টগ্রাম, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি হত্যা মামলায় চার সহোদরসহ ১০ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত। একইসঙ্গে প্রত্যেকের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অর্থ দিতে ব্যর্থ হলে তাদের আরও এক বছর করে কারাভোগ করতে হবে। নগরীর ডবলমুরিং থানার মধ্যম রামপুর ধোপাপাড়া এলাকার ফরিদ আহমদকে হত্যার দায়ে চট্টগ্রামের ২য় অতিরিক্ত মহানগর দায়রা জজ একরামুল হক চৌধুরী সোমবার এ দণ্ডাদেশ দেন। দণ্ডাদেশপ্রাপ্তরা হচ্ছে- রেজাউল করিম, আনোয়ার হোসেন, মনির হোসেন, সেলিম হোসেন, জাকির হোসেন, ফোরকান আলী, জালাল আহমদ ওরফে লাল মিয়া, সাবের আহমদ, মোহাম্মদ মোরশেদ এবং রফিক আহমদ ওরফে কালা রফিক। এদের মধ্যে আনোয়ার হোসেন, মনির হোসেন, সেলিম হোসেন ও জাকির হোসেন ভাই। সাজাপ্রাপ্তদের মধ্যে ফোরকান, জালাল ও সাবের পলাতক রয়েছেন। এ মামলার অভিযুক্ত অপর দুই আসামি সুলতান আহমেদ ও দেলোয়ার হোসেন মামলার বিচার চলাকালে কারাগারে মারা যায়। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. সেলিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দিয়েছেন।" মামলার বিবরণে জানা যায়, ১৯৯৬ সালের ২৩ মার্চ ফরিদ আহমদকে তার বাসার সামনে আসামিরা চাপাতি ও ছূরি দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের বড়ভাই রফিক সওদাগর বাদি হয়ে ১২ জনকে আসামি করে মামলা দায়ের করেন। আইনজীবী সেলিম উদ্দিন জানান, ১৯৯৬ সালের ৩০ জুন এ মামলার অভিযোগপত্র দাখিল এবং ১৯৯৮ সালের ২ এপ্রিল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৫২৯ ঘ.